রাজধানীতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বৃহস্পতিবার (২৮ মে) সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
নরসিংদীর বিভিন্ন ঈদগাহ মাঠে বিপুল উৎসাহ, উদ্দীপনা আর কুশল বিনিময়ের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের নামাজ আদায় ও আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হন। উপজেলার প্রধান ঈদগাহ মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজের ইমামতি করেন মুফতি ওমর ফারুক।
নামাজ শেষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকের এই খুশির দিনে একটি বেদনার খবর হলো গতকালকের আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডের শিশু মৃত্যুর ঘটনা। একটি মায়ের অনুরোধে শিশু ওয়ার্ডটির এসি বন্ধ করে দেওয়া হয়। পরে সম্ভবত গ্যাস লিকেজের কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। যা অত্যন্ত বেদনাদায়ক।
তিনি আরও বলেন, অন্য একটি জায়গায় হাসপাতাল পরিদর্শনের সময় এই মর্মান্তিক খবরটি পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেয়ে হাসপাতালটির বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। আজকের দিনে রোগীদের স্বার্থে সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।
হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা যদি হামকে মোকাবিলা করতে না পারতাম তবে হাজারও শিশু মারা যেতো। আমাদের হাতে পর্যাপ্ত টিকা রয়েছে। প্রতিটি শিশুকে টিকার আওতায় নিয়ে আসা হবে।
তিনি জানান, ইতিমধ্যে হামের প্রাদুর্ভাব ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে গেছে। হাম আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ বাচ্চাদের দূরে রাখতে পারলে ঈদের পরে হাম আক্রান্তের সংখ্যা সম্পূর্ণ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। পলাশে ঈদের নামাজ আদায় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান এবং শিবপুরে নামাজ আদায় করেছেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।
এ সময় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মুসল্লিরা। জেলা কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রধান ঈদ জামাত এবং জেলার সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে।
