চুয়াডাঙ্গায় ঢাকাগামী ডিলাক্স পরিবহনের বাসের ধাক্কায় এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। বাসটি মেহেরপুর থেকে ঢাকা যাচ্ছিলো।
নিহত শামসুল হক (৫০) চুয়াডাঙ্গা সদর থানার পিরপুর গ্রামের মৃত মিসকার মল্লিকের ছেলে।
স্থানীয়রা জানান, শামসুল হক আলোকদিয়া বাজার থেকে বাইসাইকেল চালিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাস ধাক্কা দিলে শামসুল হক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান, গুরুতর আহত শামসুলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
