মোংলায় ধান কেটে বাড়ি ফেরার পথে ট্রলি উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো চার জন। আহতদের মধ্যে এক জনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে মোংলার চাপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক দিদার মোল্লা (২৫) খুলনার দাকোপ উপজেলার বানীশান্তার বাসিন্দা। রোকন উদ্দিন খোকনের (৬০) বাড়ি মোংলার সোনাইলতলায়।
আহতরা হলেন- ওয়াহেদ মল্লিককে (৪০), আইয়ুব সরদার (৪০) মিলন মল্লিক (৩৫) ও তাজমির শেখ (৩০)। তাদের সবার বাড়ি সোনাইলতলা এলাকায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আইয়ুব সরদার ও মিলন মল্লিক জানান, তারা পেশায় পরবাসী (ধান কাটা শ্রমিক)। সবাই মিলে খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকায় ধান কাটতে গিয়েছিলেন তারা। ধান কাটার পারিশ্রমিক বাবদ তারা ৭১বস্তা (৭০/৮০মণ) ধান পান। সেই ধান মোংলার মাছমারার সেলিমের মিলে নামিয়ে রেখে ওই ট্রলিতে করেই বাড়ি ফিরছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান জানান, এ ঘটনায় পরিবারের কোন আপত্তি না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপমৃত্যু মামলা হবে।
‘ফ্যাসিবাদ ফিরলে বিএনপি-জামায়াতকে মানুষ ক্ষমা করবে না’