জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ছয় জন প্রার্থী। ভোটে যেই কেউ নির্বাচিত হোক না কেন, সবাই ভোটারদের রায় মেনে একযোগে কাজ করার শপথ নিয়েছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সরিষাবাড়ি উপজেলা ডাকবাংলোতে উপস্থিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে শপথ বাক্য পড়েন এবং একযোগে হাত উঁচিয়ে সম্মতি জানান।
শপথ বাক্য পাঠ করান বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম। এসময় জামায়াত প্রার্থী অ্যাড. আব্দুল আওয়াল, ইসলামী আন্দোলনের মাওলানা আলী আকবর, সিপিবি'র প্রকৌশলী মাহবুব জামান জুয়েল, নাগরিক ঐক্যের কবির হাসান ও গণঅধিকার পরিষদের ইকবাল হাসান একসঙ্গে শপথ পাঠ করেন।
শপথে বলা হয়, আমরা অঙ্গিকারবদ্ধ-সরিষাবাড়ীতে ভোটারদের উপস্থিতি এবং ভোটারদের রায় মেনে নিয়ে আগামীতে আমরা ছয়জন একযোগে এক পরিবারের সদস্য হিসেবে সরিষাবাড়ী থেকে মাদক নির্মুল, দুর্নীতি দূর করবো। শান্তি, নিরাপদ ও উন্নয়নের সরিষাবাড়ী গঠনের ব্যাপারে একযোগে কাজ করবো।
বিষয়টি এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের সংহতির ছবি প্রকাশ করে অনেককেই অভিনন্দন জানাচ্ছেন।
