নীলফামারীতেনির্মাণাধীন বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন—জেলা সদরের কালিতলা এলাকার জয়ন্ত রায় (২৬) ও সুঠিপাড়া এলাকার মুমিন (৪৫)। তারা একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির নতুন নির্মাণাধীন একটি ৩৩ কেভি উপকেন্দ্রের লাইনের কাজ করছিলো ঠিকাদারি প্রতিষ্ঠানটি। দুপুরে লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ শুরু করেন জয়ন্ত ও মুমিন। এ সময় তারা দুইজনেই বিদ্যুতস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে অন্য শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের দাবি, নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক লাইনে যেকোনো কাজ শুরুর আগে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য লিখিত বা মৌখিকভাবে কর্তৃপক্ষকে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন কোনো পূর্ব নোটিশ বা তথ্য দেওয়া হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সমিতি কর্তৃপক্ষ।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এই দুর্ঘটনার বিষয়ে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
