গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক গাড়ির ধাক্কায় তপন চন্দ্র দাস ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাসের করুণ মৃত্যু হয়েছে। শনিবার ভোরে গাজীপুরা এলাকায় বিআরটি লেনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর সোয়া চারটার দিকে গাজীপুরা বিআরটি লেনের পাশে কুটুমবাড়ি রেস্তোরাঁ সংলগ্ন সড়ক ধরে হাঁটছিলেন তপন চন্দ্র দাস ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস। এ সময় হঠাৎ পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছেলে লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত বাবা তপন চন্দ্র দাসের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে নয়টার দিকে তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকছুদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং তাঁদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
