মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আট অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৯ অক্টোবর মধ্যরাতে। তবে এই নিষেধাজ্ঞা শেষ হতেই বাজারে দেখা গেছে নরম ও পচা ইলিশ।
চাঁদপুর শহরের বড়ো স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির উদ্দেশে সংরক্ষণের দায়ে মো. নজরুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বাজারে পরিচালিত এক ঝটিকা অভিযানে এই জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এই অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা আবদুল্লাহ আল ইমরান জানান, পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যবসায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। পরে অভিযানকালে জব্দ করা পচা ইলিশ মাছগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়। এ সময় ওই ব্যবসায়ী ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ও প্রতারণা থেকে বিরত থাকার মুচলেকা ও অঙ্গীকার দেন।
অভিযানকালে বাজারের অন্য ব্যবসায়ীদের জন্যও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—নিয়মিত ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করা, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি করা, কোনো অবস্থাতেই পচা বা বাসি মাছ বিক্রি না করা এবং ওজনে কম না দেওয়া। এছাড়া সাধারণ ক্রেতা ও জনসচেতনতা বাড়াতে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর প্রতিনিধি, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বেলায়েত হোসেন রাজু, ক্যাব সদস্য বিপ্লব সরকার, মৎস্য বণিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তা অধিকার রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
