সড়কে অবৈধ থ্রিহুইলার ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস টার্মিনাল থেকে ছয়টি রুটে হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ করছেন তাঁরা।
চরকাউয়া বাস টার্মিনাল থেকে প্রতিদিন ডিসি রোড, লক্ষ্মীপাশা, লাহারহাট, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার রুটে প্রায় ৭০টি বাস চলাচল করে। আকস্মিক এই ধর্মঘটের কারণে বিপাকে পড়েছেন এসব রুটে নিয়মিত যাতায়াত করা কয়েক হাজার সাধারণ যাত্রী। গন্তব্যে পৌঁছাতে মোটরসাইকেল, রিকশা বা অন্য বিকল্প যানবাহনের ওপর ভরসা করতে গিয়ে যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।
জানা গেছে, রোববার চরকাউয়া বাস টার্মিনালে বাস, থ্রিহুইলার ও অটো মালিকদের মধ্যে বাকবিতণ্ডা ও বিরোধ সৃষ্টি হয়। বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, বেপরোয়া থ্রিহুইলারের কারণে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তাই তারা দ্রুত সড়ক থেকে সব ধরনের থ্রিহুইলার সরিয়ে নেয়ার দাবি জানান।
চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানান, সোমবার সকাল থেকে আমরা বাস চালানোর চেষ্টা করলেও থ্রিহুইলার ও অটোরিকশাচালকেরা তাতে বাধা দিচ্ছে। এই জটিলতা সমাধানে দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।
তবে বাস চলাচল বন্ধ ও থ্রিহুইলার চালকদের বাধার বিষয়ে জানতে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
