ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও নৈরাজ্যের মধ্যেই পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ও বিভিন্ন স্থানে সংঘর্ষের প্রেক্ষাপটে তিনি এই আহ্বান জানান।

রোববার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, শ্রমিক ভাইদের অনুরোধ করছি, আপনারা কাজে ফিরে যান। অন্য কারও উসকানিতে বা প্ররোচনায় পড়ে নিজেদের শিল্পকারখানা ধ্বংস করবেন না। যেহেতু কোনো ফেডারেশন আনুষ্ঠানিকভাবে কোনো ধর্মঘট ডাকেনি, তাই কেউ অন্যায়-অপরাধের সাথে জড়িয়ে পড়লে বিপদে পড়লে ফেডারেশনগুলোর সাহায্য পাবেন না।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বরে বর্তমান মজুরি কাঠামোর তিন বছর মেয়াদ শেষ হবে এবং তার আগেই একটি সম্মানজনক সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে, যা জানুয়ারি মাসের বেতনের সাথেই কার্যকর হবে বলে তারা আশা করছেন। এছাড়া গ্রেপ্তারকৃত সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতাদের হয়রানি না করে মুক্তি দেওয়ার জন্যও তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
আন্দোলন না মানলে পরবর্তী পদক্ষেপ কী হবে, এমন প্রশ্নের জবাবে বাবুল আখতার স্পষ্ট করে বলেন, সরকার এবং মালিকপক্ষ যে ব্যবস্থা নেবে, সে ব্যাপারে আমাদের সমর্থন থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি: সোমবার সাভারের আশুলিয়া ও গাজীপুরের নাওজোড় এলাকায় পুলিশের গাড়িতে ও কভার্ড ভ্যানে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর বার্তা দেন।
বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠনের পরও যারা শ্রমিক আন্দোলনের নামে সড়ক-মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করছে, তারা কখনোই শ্রমিকের বন্ধু হতে পারে না। তাদের ভিন্ন স্বার্থ থাকতে পারে, যা কঠোর হস্তে দমন করা হবে।
তিনি আরও উল্লেখ করেন, আটককৃতদের মধ্যে বেশিরভাগই বহিরাগত। শ্রমিকদের দাবি নিরসনে গঠিত মজুরি বোর্ডে শ্রমিক ও মালিক উভয় পক্ষের প্রতিনিধিরাই রয়েছেন এবং আলাপ-আলোচনার মাধ্যমেই এই সমস্যার ন্যায়সঙ্গত সমাধান করা হবে। তাই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং রপ্তানি বাড়াতে সবাইকে শান্ত থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
