চাঁপাইনবাবগঞ্জ বিদ্যুতস্পৃষ্টের আলাদা ঘটনায় এক পুরুষ ও এক শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বিদ্যুতায়িত গৃহবধূকে বাঁচাতে গিয়ে স্বামী এবং চার্জে থাকা অটোরিকশায় খেলতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে জেলার সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম ও দেবীনগর ইউনিয়নের রহমানের টোলা গ্রামে আলাদা এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চামাগ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুর রহিম (৬০) ও রহমান টোলার বুলবুলের ছেলে মাহি (৬)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান জানান, সকালে রহমান টোলা গ্রামের বুলবুল বাড়ির সামনে অটো ভ্যান চার্জ দিচ্ছিলেন। এসময় মাহি নামে শিশুটি খেলাধুলার এক পর্যায়ে ওই ভ্যানে ওঠে। ভ্যানটি বিদ্যুতায়িত হয়ে থাকায় মাহি আহত হয়। পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে বেলা ১১টার দিকে চামাগ্রামের আব্দুর রহিমের বাড়িতে কাপড় শুকাতে গিয়ে জিআই তারে বিদ্যুতস্পৃষ্ট হন স্ত্রী রেহেনা বেগম। এ সময় তাকে বাঁচাতে রহিম ছুটে এসে স্ত্রীকে ধাক্কা দেয়। এতে ওই গৃহবধূ রক্ষা পায়। কিন্তু রহিমের দুই হাত জিআই তারে জড়িয়ে যায়। এক পর্যায়ে তার ছিঁড়ে মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
সুন্দরবনে রিমালের দগদগে ক্ষত, আরও মৃত ১৫ হরিণ উদ্ধার