জনগণের বিপক্ষে গিয়ে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকা যায় না। ৫ আগস্ট বা ৩৬ জুলাইয়ের মাধ্যমে দেশের জনগণ তা বুঝিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুরের বেনুবন বৌদ্ধ বিহারে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, ‘খুন, গুম, হত্যা ও মানুষকে পঙ্গু করার পরও বিচারের বাইরে থাকা যাবে, এমন ধারণা ভুল। যারা দেশের ক্ষতি করবে এবং দেশের মানুষকে হত্যা করবে, দেশের প্রচলিত আইনেই তাদের বিচার করা হবে।’
তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে সব ধর্মের মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একই সঙ্গে একটি রেইনবো নেশন বিনির্মাণে কাজ করছে সরকার।’
