হবিগঞ্জে স্কুল ছাত্রী হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক জেলা ও দায়রা জজ সুদীপ্ত দাস এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামীরা হলেন, সদর উপজেলার দিদার হোসেনের ছেলে জাকির হোসেন ও পাটলী গ্রামের আব্দুল হাইর ছেলে নূর হোসেন।
আদালত সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের এসএসসি পরীক্ষার্থী মেধাবী মদিনাতুল কোবরা জেরিনকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিলেন জাকির। এর জের ধরেই ২০২০ সালের ১৮ জানুয়ারি সকালে কোচিং করতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে জেরিনকে অপহরণের চেষ্টা চালায় জাকির। সিএনজি অটোরিকশায় ধস্তাধস্তির এক পর্যায়ে জেরিনকে গাড়ি থেকে ফেলে দেয় আসামীরা। ফলে গুরুতর আহত হন জেরিন।
পরদিন ১৯ জানুয়ারি সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেরিন। সেদিন রাতেই থানায় হত্যা মামলা দায়ের করেন জেরিনের বাবা আব্দুল হাই।
এ ঘটনায় নুর হোসেন ও জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে ১৬৪ ধারায় তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা হবিগঞ্জ সদর মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী দণ্ডিত দুইজনের নামে অভিযোগ পত্র দাখিল করেন।
২১ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার অপহরণের অপরাধে উভয় আসামিকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে হত্যার অপরাধে উভয়কে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।
রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান বলেন, এতে ন্যায়বিচার নিশ্চিত হয়েছে।
