গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস বন্ধের পর এবার সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার ক্লাসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার পর্যন্ত সব প্রাথমিকের ক্লাস বন্ধ থাকবে।
সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানান, মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকবে। কারণ হিসেবে তিনি জানান, জুন থেকে অর্ধবার্ষিকী মূল্যায়ন ও পরীক্ষা রয়েছে।
সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায়ের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলে প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।
‘শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে। শ্রেণীকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে। শ্রেণীকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।’
আরও পড়ুন: সহসাই মুক্তি মিলছে না অসহনীয় তাপদাহ থেকে
রোববার তীব্র তাপদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৫ থেকে ৮ জুন ৪ দিন বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
একাত্তর/আরএ
