স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই টলিউডের সেই ‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ ডিভা, যিনি ঠোঁটকাটা স্বভাব আর ছকভাঙা জীবনযাপনের জন্য সবসময়ই চর্চায় থাকেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন ওটিটি সিরিজ ‘কালিপটকা’, যেখানে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে তার রসায়ন বেশ নজর কেড়েছে। তবে পর্দার রসায়নের চেয়েও এখন বেশি শোরগোল পড়ছে স্বস্তিকার বাস্তব জীবনের ‘প্রেম-বিস্ফোরণে’!

শীতের আমেজ মানেই বাঙালির কাছে প্রেমের মৌসুম। আর এই মৌসুমে নিজেকে সিঙ্গেল রাখতে একেবারেই নারাজ স্বস্তিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে যা বললেন, তাতে নেটপাড়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে।
একজনের সঙ্গে প্রেম করার দিন কি তবে ফুরলো? স্বস্তিকার মতে, প্রেম যে একজনের সঙ্গেই করতে হবে, তার তো কোনো মানে নেই। দুই-তিনজনের সাথে প্রেম করাই যায়! শুধু বলা নয়, অভিনেত্রী এখন বেশ ‘চালাক’ হয়ে গেছেন বলেও দাবি করেছেন। ধরবার উপায় নেই কার সঙ্গে তার দেয়া-নেয়া চলছে।
স্বস্তিকা এখন আর লুকোছাপা নয়, বরং জনসমক্ষেই কৌশলী। তিনি বলেন, আমি এখন একসাথে তিন-চার জনের সঙ্গে বের হই, তাই কেউ বুঝতে পারে না আসল জন কে! ব্যস্ত শিডিউলের মাঝে যার সঙ্গে সময় মেলে, তার সঙ্গেই ডেটে বেরিয়ে পড়েন এই টলি-সুন্দরী।

প্রেম মানেই কি সারাজীবন? না, স্বস্তিকার ডিকশনারিতে প্রেমের সংজ্ঞাটা একটু আলাদা। তার কথায়, প্রেম মানেই যে সাতপাকে বাঁধা পড়ে সারাজীবন থাকতে হবে, এমনটা নয়। মন ভালো রাখার জন্য একটা ‘বন্ধুত্বপূর্ণ প্রেম’ করাই যায়। এতে জীবনের ক্লান্তি মেটে, মনও চনমনে থাকে।
প্রেমিকদের নাম গোপন রাখলেও নিজের নতুন ক্রাশের নাম কিন্তু ঢাকঢোল পিটিয়েই কবুল করেন স্বস্তিকা। তিনি আর কেউ নন, অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। অনির্বাণের সঙ্গে কাজ করার তীব্র ইচ্ছে ছিল তার, আর গত বছরেই সেই সুযোগ মিলেছে পরপর দুটি প্রজেক্টে। পর্দায় অনির্বাণের অন্যরকম লুক আর স্বস্তিকার ধারালো অভিনয়- সব মিলিয়ে ‘কালিপটকা’ এখন টক অফ দ্য টাউন।
বয়স লুকানো বা ব্যক্তিগত জীবন নিয়ে রাখঢাক করা স্বস্তিকার ধাতে নেই। আর পাঁচজন যখন নিজেদের গুটিয়ে রাখেন, স্বস্তিকা তখন ডানা মেলে ওড়েন নিজের শর্তে। তবে প্রশ্ন একটাই- স্বস্তিকার এই ‘সিক্রেট’ লাভারদের তালিকায় আসলে কারা আছেন? সেটা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।
