আগামী পাঁচ বছরের মধ্যে ক্যান্সার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।’
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশে ক্যান্সার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ’ শীর্ষক জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন,‘বাংলাদেশে সাধারণত স্তন, মলাশয় ও মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি। এসব ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ক্যান্সার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে আজকের এই অংশীজন পরামর্শ সভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে। সরকার ইতিমধ্যে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ক্যান্সার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করা হবে।’
ক্যান্সার মোকাবিলা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে ডা. এম এ মুহিত বলেন, ‘এ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘এ লক্ষ্যে সরকার জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কর্মসূচি এবং জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ পরিষদ গঠন করবে। এর মাধ্যমে দেশে ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে।’
