ইউক্রেনে প্রতিবেশী মলদোভার একটি অঞ্চলের নাম ট্রান্সনিস্ট্রিয়া। এই অঞ্চলটি ক্রেমলিনপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে আছে। আর সেই অঞ্চলেই ইউক্রেন থেকে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে। এতে দারুণ উত্তেজনা দেখা দিয়েছে মলদোভাতে।
গেলো সোমবার ওই অঞ্চলে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাবেক সোভিয়েত আমলের রেডিও টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়। এই টাওয়ার থেকে রুশ ভাষার একটি রেডিও সম্প্রচারিত হয়। শুধু টাওয়ারেই নয়, একটি রুশ সেনা স্থাপনাতেও হামলার চেষ্টা হয়েছিলো।
ট্রান্সনিস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুটি বিস্ফোরণ হয়েছে মাইয়াক ও গ্রিগোরিওপল জেলায়। এতে কোনো বাসিন্দা আহত হননি। কিন্তু রাশিয়ান রেডিও সম্প্রচার করে এমন দুটি অ্যান্টেনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই ঘটনার পর ক্রেমলিন থেকে মলদোভার প্রতি কড়া প্রতিক্রিয়া দেয় হয়। রুশপন্থিদের দাবি, মলদোভার বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে ইউক্রেন থেকে হামলা চালানো হয়েছে। তবে মলদোভা সরকারের দাবি, এর মাধ্যমে তাদেরও ইউক্রেন যুদ্ধে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।
রয়টার্স জানিয়েছে, মলদোভার ট্রান্সনিস্ট্রিয়ায় বিস্ফোরণের পর দেশটির প্রেসিডেন্ট মাইয়া সান্দু জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছেন।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে যুদ্ধপন্থি দলগুলো উসকানিমূলক এসব ঘটনা ঘটিয়েছে। তারা এ অঞ্চলের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়।
মাইয়া সান্দু বলেন, সেনা বাহিনীর যুদ্ধপ্রস্তুতির উন্নতি, ট্রান্সনিস্ট্রিয়া সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোতে নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে মলদোভার কর্তৃপক্ষ ট্রান্সনিস্ট্রিয়ায় উত্তেজনা বৃদ্ধির যে কোনো প্রচেষ্টাকে স্পর্শকাতর হিসেবে দেখে। ইউক্রেনের সীমান্তে অবস্থিত ওই অঞ্চলে মস্কোপন্থি বিচ্ছিন্নতাবাদীদের আধিপত্য রয়েছে।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ট্রান্সনিস্ট্রিয়ায় রাশিয়ান সেনাবাহিনীর একটি স্থায়ী ঘাঁটি রয়েছে। কিয়েভের আশঙ্কা, এই অঞ্চলটি ইউক্রেনের ওপর নতুন আক্রমণের সূচনাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে।
ধারণা করা হচ্ছে, রাশিয়া যদি ট্রান্সনিস্ট্রিয়াকে শক্তিশালী করে, তাহলে এটি ইউক্রেনের পশ্চিমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসাতে রুশ বাহিনীকে অগ্রসর হতে সহায়তা দেবে। ফলে তারা পূর্ব দিকে ইউক্রেনীয় সেনাদের দ্বারা অবরুদ্ধ শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হবে।
একাত্তর/এআর
