ব্রাজিলের চিরহরিৎ আমাজন বনভূমি নিধনের নতুন
রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০২২ সালের প্রথম ছয় মাসেই এই রেকর্ড সৃষ্টি হয়। যা
পরিবেশবাদিদের কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে।
শুক্রবার, আইএনপিই নামের মহাকাশ সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, চলতি বছরের শুরু থেকে বিশ্বের সবচেয়ে বড় এই রেইনফরেস্ট ৩,৭৫০ বর্গ কিলোমিটার বনভূমি হারিয়েছে।
২০১৬ সালের পর ছয় মাসের এই মেয়াদে সেখানে এটি ছিলো সবচেয়ে বড় ধরনের বনভূমি নিধন। বেশ কয়েক বছর ধরেই আমাজন বনভূমি নিধনের মহোৎসব চলছে।
আগের বছর সর্বোচ্চ ৩,৬০৫ কিলোমিটার বনভূমি উজাড় হওয়ার ঘটনা ঘটেছিল। নতুন এই সংখ্যার সাথে জুনের শেষ ছয় দিনের বনভূমি নিধনের পরিমাণ যোগ করা হয়নি।
এ বছরের জুনে বিগত ১৫ বছরের মধ্যে আমাজসে সবচেয়ে বেশি দাবানলের ঘটনা ঘটে। ধারণা করা হয়ে থাকে এসব দাবানলের মধ্যে বেশিরভাগই মানবসৃষ্ট।
এদিকে জানুয়ারি, ফেব্রুয়ারি-এপ্রিলে বনভূমি নিধনের মাসিক রেকর্ড ভঙ্গ হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে সাধারনত দাবানলের ঘটনা অন্যান্য মাসের তুলনায় কম ঘটে থাকে।
আরও পড়ুন: মণিপুরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬, এখনও নিখোঁজ ৩৭
আইএনপিই’র স্যাটেলাইট গত মাসে আমাজন বনভূমিতে আড়াই হাজারেরও বেশি আগুনের ঘটনা শনাক্ত করে। ২০০৭ সালের জুনের রেকর্ডের পর এই সংখ্যা সর্বোচ্চ এবং ২০২১ সালের জুনের চেয়ে ১১ শতাংশ বেশি।
এ বছরের শুরু থেকে এ পর্যন্ত আমাজনে সাড়ে ৭ হাজারের বেশি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। ২০২১ সালের তুলনায় তা ১৭ শতাংশ বেশি এবং ২০১০ সালের পর এটি সর্বোচ্চ।
একাত্তর/আরবিএস
