এশিয়ার নোবেলখ্যাত ম্যাগসাইসাই পুরস্কার ঘোষণা করা হয়েছে। এবছর এ পুরস্কার পেয়েছেন চারজন।
বুধবার (৩১ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে এবারের ৬৪তম ম্যাগসাইসাই পুরস্কার বিজয়ীদের নাম অনলাইনে ঘোষণা করেছে র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলের ব্যাপক হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া মনোবিদ সথেরা চিহিম। তার সঙ্গে যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদ, জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি এবং ইন্দোনেশিয়ার পরিবেশবিষয়ক আন্দোলনকারী ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব।
গত শতকের সত্তরের দশকে কম্বোডিয়ায় খেমাররুজ শাসনামলে চরম ক্ষুধা, দারিদ্র্য ও নির্যাতনের শিকার হয়ে দেশটির প্রায় এক–চতুর্থাংশ মানুষের মৃত্যু হয়। এসব ঘটনাকে রাষ্ট্রীয় মদদে গণহত্যা হিসেবে চিহ্নিত করা হয়। খেমার হত্যাযজ্ঞ থেকে প্রাণে বেঁচে যান সথেরা চিহিম।
৫৪ বছর বয়সী এই মনোবিদ তাঁর জীবন খেমার হত্যাযজ্ঞে বেঁচে যাওয়া মানুষদের কল্যাণে ব্যয় করেছেন। বিশেষত হত্যাযজ্ঞের ট্রমা থেকে বেরিয়ে আসতে সহায়তা করেছেন। এ ছাড়া তিনি কম্বোডিয়ায় সংগঠিত গণহত্যার বিচারে জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের একজন সাক্ষী। মানুষের কল্যাণে কাজ করার জন্য তাঁকে পুরস্কৃত করেছে ম্যাগসাইসাই কর্তৃপক্ষ।
ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদের বয়স ৬৪ বছর। এই নারী ফিলিপাইনজুড়ে শিশু নির্যাতনের বিরুদ্ধে সরব। বিশেষত পারিবারিক পর্যায়ে শিশুদের ওপর চালানো নির্যাতন বন্ধের নানা উদ্যোগের কারণে তাঁকে ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত করা হয়েছে।
জাপানের চক্ষুরোগ বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি ভিয়েতনামের গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের চোখের চিকিৎসা করে সাড়া ফেলেছেন। সামর্থ্যহীন মানুষের চোখে অস্ত্রোপচার করা ৫৮ বছর বয়সী এই চিকিৎসকের ধ্যানজ্ঞান। এ কাজের স্বীকৃতি হিসেবে তিনি এবারের মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে মাহাথির
অন্যদিকে ফরাসি পরিবেশবিদ ও চলচ্চিত্র নির্মাতা গ্যারি বেনচেগহিব ইন্দোনেশিয়ায় নদী রক্ষা আন্দোলনের সক্রিয় মুখ। ২৭ বছর বয়সী এই তরুণ পরিবেশদূষণ থেকে ইন্দোনেশিয়ার নদীগুলোকে রক্ষা করা ও ইতিমধ্যে চরম দূষণের শিকার নদীগুলো প্লাস্টিক ও বর্জ্যমুক্ত করার কাজের স্বীকৃতি পেয়েছেন।
আগামী নভেম্বরে ম্যানিলায় এক অনুষ্ঠানে তাঁদের হাতে মর্যাদাপূর্ণ ম্যাগসাইসাই পুরস্কার তুলে দেওয়া হবে।
একাত্তর/এসজে
