চমক দেখিয়ে আবারও ব্রাজিলের মসনদে লুলা, হার মানতে নারাজ বলসোনারো

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম

সব ধরনের জনমত জরিপ, প্রচলিত ধারা এবং ক্ষমতাসীনদের বিরুদ্ধে জনরোষের আশঙ্কাকে পেছনে ফেলে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ঐতিহাসিক জয় তুলে নিয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। দেশটির সুপ্রিম ইলেকটোরাল কোর্ট (টিএসই) কর্তৃক ঘোষিত ফলাফলে নিশ্চিত হয়েছে যে, তিনি চতুর্থবারের মতো লাতিন আমেরিকার বৃহত্তম এই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হতে যাচ্ছেন। লুলার এই অভাবনীয় প্রত্যাবর্তন পুরো অঞ্চল জুড়ে ডানপন্থি দলগুলোর জয়যাত্রার মুখে বড়ো ধরনের ধাক্কা দিয়েছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, লুলার এই ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিনেটর ফ্লাভিও বলসোনারো—যিনি ব্রাজিলের সাবেক চরম ডানপন্থি প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর জ্যেষ্ঠ পুত্র। তিনি নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ফ্লাভিও বলসোনারোর অভিযোগ, সুপ্রিম কোর্টের এক বিচারকের নির্দেশে ভোটগ্রহণের শেষ মুহূর্তে সময়সীমা দুই ঘণ্টা বৃদ্ধি করা হয়েছিলো। তার দাবি, এই সিদ্ধান্তটি আইনিভাবে ত্রুটিপূর্ণ এবং এটি নির্বাচনে ভোটারদের বিভ্রান্ত করেছে।

নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকলেও চূড়ান্ত রান-অফ পর্বে লুলার কাছে প্রায় ৪০ লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন ফ্লাভিও। এই ফলাফলের পরপরই ব্রাজিলের আর্থিক বাজারে দেখা দিয়েছে বড়ো ধরনের অস্থিরতা, কারণ বড়ো বড়ো বিনিয়োগকারীরা ফ্লাভিও বলসোনারোর বিজয়ের ওপর বাজি ধরেছিলেন। পরাজয় স্বীকার না করার এই মনোভাব ২০২২ সালের নির্বাচনের কথা মনে করিয়ে দেয়, যখন ফ্লাভিওর বাবা জায়ার বলসোনারো লুলার কাছে হেরে পরাজয় মানতে অস্বীকার করেছিলেন এবং পরবর্তীতে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে সুপ্রিম কোর্ট কর্তৃক ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ফ্লাভিও বলসোনারোর পরাজয়ের ব্যবধান তার বাবার ২০২২ সালের পরাজয়ের ব্যবধানের দ্বিগুণেরও বেশি। অধিকন্তু, রক্ষণশীল অধ্যুষিত দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের কারণে ফ্লাভিওর নিজস্ব প্রচারশিবিরই সময়সীমা বাড়ানোর আবেদন করেছিলো। ফলে আদালত কর্তৃক এই ফলাফল বাতিল বা পরিবর্তন করার কোনো জোরালো সম্ভাবনা নেই বলে ধারণা করা হচ্ছে।

ঝুঁকি বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ‘রেইন’-এর লাতিন আমেরিকা বিষয়ক বিশ্লেষক মারিও ব্রাগা জানান, আগামী দিনগুলোতে ডানপন্থি সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ করতে পারে, তবে ‘নির্বাচনী ফলাফল উল্টে যাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।’

লুলার বিজয়ের খবর ছড়িয়ে পড়ার পর বিশ্ব পুঁজিবাজারে ব্যাপক প্রভাব লক্ষ্য করা গেছে। টোকিও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ব্রাজিলের ‘বোভেসপা’ সূচক অনুসরণকারী একটি ফান্ড প্রায় ১৫ শতাংশ দর হারিয়েছে এবং মার্কিন ডলারের বিপরীতে ব্রাজিলের মুদ্রা ‘রিয়েল’-এর মানও তলানিতে গিয়ে ঠেকেছে।

এই বিজয় ৮০ বছর বয়সী বামপন্থি নেতা লুলার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে আরও একটি অবিস্মরণীয় চ্যাপ্টার যুক্ত করল। বিশ্বজুড়ে বামপন্থি রাজনীতির আইকন হিসেবে পরিচিত লুলা দুর্নীতির অভিযোগে ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত কারাবন্দী ছিলেন। পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই সাজা বাতিল করলে ২০২২ সালে তিনি আবারও ক্ষমতায় ফেরেন।

নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর সাও পাওলোতে লুলার সঙ্গে থাকা বামপন্থি আইনপ্রণেতা এরিকা হিলটন রয়টার্সকে বলেন, তিনি কেবল একজন নেতাই নন, তিনি এক বিশাল রাষ্ট্রনায়ক।

প্রচারের শেষ মুহূর্তে লুলা বেশ কিছু জনতুষ্টিমূলক ও শ্রমবান্ধব প্রতিশ্রুতি দিয়ে নিজের পাল্লা ভারী করেন, যার মধ্যে রয়েছে দেশজুড়ে সাপ্তাহিক ছুটির দিনে বিনামূল্যে গণপরিবহন চালু করা এবং জনপ্রিয় সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে বরাদ্দ ১৫ শতাংশ বাড়ানো। তবে ইতিহাস গড়া এই জয়ের পর লুলার সামনে অপেক্ষা করছে এক কঠিন অনুবর্তী মেয়াদ। কারণ, ব্রাজিলের নতুন নির্বাচিত কংগ্রেস ১৯৮০-র দশকের পর সবচেয়ে বেশি রক্ষণশীল ও ডানপন্থি দলগুলোর দখলে চলে গেছে, যা বাজেট পাস ও আইনি সংস্কারের ক্ষেত্রে লুলার জন্য বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

একাত্তর/এসি
লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিলে রোববার এক হাড্ডাহাড্ডি রান-অফ বা দ্বিতীয় ধাপের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করছে দেশটি চরম ডানপন্থার দিকে ঝুঁকে...
ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত পর্ব অর্থাৎ রোববারের ‘রানঅফ’ ভোটের আগে জীবন-যাপনে ব্যয়ভার, দুর্নীতি ও ব্যক্তিগত আক্রমণ নিয়ে টেলিভিশনে এক উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই...
ব্রাজিলের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও সম্ভবত দীর্ঘ ক্যারিয়ারের শেষ নির্বাচনী লড়াইয়ে নেমেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময়...
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মোট আটটি ইউনিট।  
ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন এলিজা জামান।
বিএনপি সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ভাবমূর্তি রক্ষায় গণমাধ্যমকে সর্বদা...
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগ’ এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। মৈত্রী লীগের সভাপতি ও জাপানের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর