আফগানিস্তানের একটি বিয়ের আসরে মর্টার শেল হামলায় ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় দোষ শিকার করেনি তালেবান বা সরকারি বাহিনী। তারা পরস্পরকে দোষারোপ করছে।
বার্তা সংস্থা রয়টার্স রোববার (৩০ মে) জানিয়েছে কাপিসা প্রদেশের তাগাব জেলায় এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থলের কাছেই আফগান সরকারি বাহিনী ও তালেবানদের মধ্যে লড়াই চলছিলো।
কাপিসা পুলিশের মুখপাত্র শায়েক শোরেশ জানান, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মর্টারের গোলা এসে পড়ে। গোলাটির বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয় জন নিহত এবং আরও চার জন আহত হয়।
এক তালেবান মুখপাত্র জানিয়েছেন, এই মর্টার তারা ফায়ার করেননি। সরকারি বাহিনী এটি ফায়ার করেছিল।
এদিকে শনিবার (২৯ মে) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানের রাজধানী চারিকরে রাস্তার পাশে পুতে রাখা বোমার আঘাতে একটি বাসের আরোহী চার বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
আরও পড়ুন: আফগানিস্তানে বোমায় ৪ শিক্ষকের মৃত্যু, আহত ১১
প্রসঙ্গত, গত মাসে জাতিসংঘ জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবান বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে প্রায় এক হাজার ৮০০ বেসামরিক নিহত হয়েছেন। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
একাত্তর/আরএ
