ভারী বৃষ্টি আর ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া। প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎহীন সোয়া লাখ মানুষ। লস অ্যাঞ্জেলসের বিভিন্ন অংশে দেখা দিয়েছে বন্যা।
লস অ্যাঞ্জেলসের উত্তর দিকের বৃহত্তম হাইওয়ে ভারী তুষারপাতের কারণে বন্ধ ছিলো। এছাড়া শহরের দক্ষিণ পয়েন্ট বন্যার কারণে বন্ধ ছিলো।
ঝড় ও বজ্রপাতের কারণে বন্ধ করা হয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টির সমুদ্রসৈকত। সে সঙ্গে চলাচলের অযোগ্য হওয়ায় বন্ধ রাখা হয়েছে অনেক ফ্রিওয়ে মহাসড়ক।
অচলাবস্থা দেখা দিয়েছে স্থানীয় বিমানবন্দরেও। এরই মধ্যে রাজ্যটির দেড় লাখ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ভারি বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধ্বস।
লস অ্যাঞ্জেলসের উত্তর-পূর্বে সান গ্যাব্রিয়েল ও সান বার্নার্ডিনো পর্বতমালার স্নো ভ্যালিতে প্রায় ছয় ফুট তুষার পড়েছে।
এছাড়াও লস অ্যাঞ্জেলসের উত্তরে শহরতলি সান্তা ক্লারিটার চারপাশের পাহাড়গুলি ঢেকে আছে সাদা বরফে। পাশের রাজ্য অ্যারিজোনা ও নেভাদায় অব্যাহত রয়েছে ভারি বৃষ্টি আর তুষারপাত।
সানফ্রান্সিসকোর বাসিন্দারা রেকর্ড মাত্রার ঠাণ্ডার মুখোমুখি হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। আর স্যাক্রামেন্টোর বাসিন্দাদের রবি থেকে বুধবার পর্যন্ত ভ্রমণ এড়াতে বলা হয়েছে।
রাজ্যের দক্ষিণাঞ্চলীয় পার্বত্য অঞ্চলে শুরু হওয়া তুষারঝড় পূর্বাঞ্চলে সরে যাচ্ছে। টেক্সাস থেকে ইলিয়ন পর্যন্ত এলাকার দুই কোটি মানুষ ঝড় মোকাবেলায় প্রস্তুত আছে।
আরও পড়ুন: মিনস্কে রুশ বিমান ধ্বংসের দাবি বেলারুশের বিরোধী দলের
মঙ্গলবারের মধ্যে এটি উত্তরপূর্বাঞ্চলে পৌঁছাতে পারে। প্রচণ্ড তুষারপাত এবং বরফ জমে যাওয়ায় কয়েকটি মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে।
ঝড়ের কারণে অ্যারিজোনা, টেক্সাস, ওকলাহোমা এবং কানসাসের নিম্ন এলাকায় বৃষ্টি, উঁচু অঞ্চলে তুষারপাত এবং কিছু অঞ্চলে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে।
একাত্তর/এসজে
