আলাস্কা উপকূলের কাছে রাশিয়া এবং চীনা নৌবাহিনীর যৌথ টহলের পরে অঞ্চলটিতে চারটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।
রোববার এক প্রতিবেদনে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, কমপক্ষে ১১টি রুশ এবং চীনা জাহাজ উত্তর আমেরিকার আলাস্কা রাজ্যের অ্যালেউটিয়ান দ্বীপপুঞ্জের কাছাকাছি চলে আসে। তবে এসব জাহাজ কখনোই মার্কিন আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি।
হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো এবং মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ট স্যাডলার বলেন, 'প্রথমত এটি একটি ঐতিহাসিক ঘটনা।'
তিনি আরও বলেন, ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে এবং তাইওয়ানের চারপাশে চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে, চীন-রাশিয়ার এই পদক্ষেপ অত্যন্ত উত্তেজক।
ইউএস নর্দার্ন কমান্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চীন-রাশিয়া আন্তর্জাতিক জলসীমায় টহল দিয়েছে এবং এটিকে হুমকি হিসাবে বিবেচনা করছে না যুক্তরাষ্ট্র।

আলাস্কার রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভান এবং লিসা মুরকোভস্কি বলেন, শেষ কয়েক দিন ধরে তারা আলাস্কা কমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং বিদেশি জাহাজ সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়েছেন।
আরও পড়ুন: ধারা সংশোধন ও নাম বদল হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনের
তবে ওয়াশিংটন ডিসিতে চীনা দূতাবাসের একজন মুখপাত্র ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, যুক্তরাষ্ট্র চীন-রাশিয়ার লক্ষ্যবস্তু ছিল না।
যদিও সুলিভান এবং মুরকোস্কি বলছেন, এই ধরনের অনুপ্রবেশের ঘটনা এবারই প্রথম নয়। ২০২২ সালেও একই ধরনের অনুপ্রবেশ ঘটেছিল।
একাত্তর/আরবিএস
