ভারতের কর্নাটক রাজ্যে একটি আতশবাজির দোকানে আগুনে পুড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে আটজন।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার কর্নাটক-তামিলনাড়ু সীমান্তের কাছে আত্তিবেল শহরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। তাতে পটকা এবং অন্যান্য অত্যন্ত দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারতে
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোকানটি মহাসড়কের পাশে হওয়ায় আগুনে একাধিক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (সেলেম রেঞ্জ) এস রাজেশ্বরী এনডিটিভিকে জানান, মৃতদের মধ্যে পাঁচজন তামিলনাড়ুর ধর্মপুরি জেলার এবং বাকিরা রাজ্যের অন্যান্য জেলার বাসিন্দা।
কতজন ইসরাইলিকে বন্দি করেছে হামাস?