হাইতির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ক্লড জোসেফ ক্ষমতা হস্তান্তর করতে চলেছেন। এরপর দেশটির নতুন প্রধানমন্ত্রী হবেন জোভেনেল কর্তৃক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত এরিয়েল হেনরি।
সোমবার (১৯ জুলাই) ক্ষমতা হস্তান্তর করার কথা ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন জোসেফ নিজে।
জোভেনেল ময়েস তার মৃত্যুর মাত্র দুইদিন আগে এরিয়েল হেনরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। ময়েসের মৃত্যুর পর তাকেই প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়ে আসছিল আন্তর্জাতিক গোষ্ঠী।
ময়েসের শাসনামলে জোসেফ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন। এরিয়েল হেনরিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার আগে তিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে, হেনরি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি, এই যুক্তিতে ময়েসের মৃত্যুর পর এতদিন পর্যন্ত তিনি হেনরিকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকার করতে অস্বীকৃতি জানান।
আরও পড়ুন: নিজ বাসভবনে হাইতির প্রেসিডেন্টকে হত্যা
তবে, ক্লড জোসেফ ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, রোববার (১৮ জুলাই) তিনি এরিয়েল হেনরির সাথে বৈঠক করেন। তিনি বলেন, জাতির স্বার্থে তিনি ক্ষমতা হস্তান্তর করতে সম্মত হয়েছেন।
কবে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন সে বিষয়ে কোনকিছু এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, ক্ষমতা হস্তান্তরের পর জোসেফ আবারও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ফিরে যাবেন।
গত ৭ জুলাই হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েসকে তার নিজ বাসভবনে গুলি করে হত্যা করা হয়। এসময় গুরুতর আহত হন তার স্ত্রী। ঘটনার পরপরই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন ক্লড জোসেফ।
এ ঘটনায় এখন পর্যন্ত ময়েসের নিরাপত্তা কর্মকর্তা ও এক হাইতিয়ান ডাক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ছবি: রয়টার্স
একাত্তর/এসজে
