সেনেগালের উপকূলে প্রায় ১০০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে এ ঘটনায় অন্তত চারজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে, যদিও প্রাথমিক প্রতিবেদনে একজনের মৃত্যুর কথা বলা হয়েছিল। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে সেনেগাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার রাজধানী ডাকারের দক্ষিণে ইয়েন গ্রামসংলগ্ন উপকূলে ক্ষতিগ্রস্ত অবস্থায় নৌকাটি ভেসে আসে। নৌকাটিতে যাত্রীদের ব্যক্তিগত সামগ্রী পাওয়া গেছে। দিনভর উদ্ধার অভিযান চলার পর আজও তল্লাশি অব্যাহত রয়েছে।
গ্রামপ্রধানের প্রতিনিধি ওমর সো এএফপিকে জানান, স্থানীয় সময় রাত ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে এবং সৈকত থেকেও নৌকার যাত্রীদের চিৎকার শোনা যাচ্ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে এক জীবিত ব্যক্তি জানিয়েছেন, নৌকায় প্রায় ১০০ যাত্রী ছিলেন, যাঁদের মধ্যে পাঁচজন নারী ছিলেন। ঘটনাস্থল থেকে পরিচয়পত্র, একাধিক মোবাইল ফোন, ব্যক্তিগত জিনিসপত্র এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনার দুই সপ্তাহের কম সময় আগে সেনেগালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় থিয়েপ্পে শহরের উপকূলে আরেকটি নৌকাডুবিতে অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটে, যা দেশটির অভিবাসন ইতিহাসে অন্যতম ভয়াবহ দুর্ঘটনা। গতকাল মন্ত্রিসভার বৈঠকে ইউরোপে যাওয়ার আশায় ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা আবারও বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন সেনেগালের প্রেসিডেন্ট দিয়োমায়ে ফায়ে। এই প্রবণতার কারণ অনুসন্ধান ও করণীয় নির্ধারণে প্রতিবেদন তৈরির নির্দেশ দিয়েছেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে।
জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম গত মাসে জানায়, চলতি বছর পশ্চিম আফ্রিকার উপকূলে অন্তত ৪৫৪ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছে; প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। উত্তর আফ্রিকায় সীমান্ত নিয়ন্ত্রণ কড়াকড়ির কারণে অভিবাসীরা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে ঝুঁকছে এবং আটলান্টিক পাড়ি দিতে কাঠের তৈরি ‘পিরোগ’ নামের নৌকা ব্যবহার করছেন, যা এই যাত্রার উপযোগী নয়।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ বছর ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো অভিবাসীদের বড় অংশই সেনেগালের নাগরিক। কর্মসংস্থানের অভাব, পারিবারিক চাপ ও পাচার-অভিবাসন নেটওয়ার্ক তাঁদের এই ঝুঁকিতে ঠেলে দিচ্ছে। গত ৭ নভেম্বর ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা জারি করা হয়; চলতি মাসের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন, যা দ্বীপটির মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ।
দেড় ঘণ্টার রুদ্ধদ্বার শেনজেন বৈঠকে কি আলোচনা হলো?
প্রথমবারের মতো এক টেবিলে বিশ্বের শীর্ষ তিন মোড়ল