ইতালীয় কুখ্যাত ‘মাফিয়া বস’ মাত্তেও মেসিনা ডেনারো মারা গেছেন। চলতি বছরের শুরুতে গ্রেপ্তার হওয়ার আগে দেশটির ‘মোস্ট ওয়াটেন্ড’ ব্যক্তি ছিলেন ‘ডেঞ্জার ডায়াবলিক’ হিসাবে পরিচিতি পাওয়া ডেনারো।
৬১ বছর বয়সীকে কুখ্যাত ‘কোসা নস্ট্রা’ মাফিয়া গ্রুপের নেতা মনে করা হতো ডেনারোকে। তিনিই ছিলেন ইতালির সবশেষ গডফাদার। জানুয়ারিতে আটক হবার আগে ৩০ বছর ফেরার ছিলেন তিনি।
গ্রেপ্তারের সময় তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছিলেন এবং গত মাসে তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। ডেনারো অসংখ্য খুনের জন্য দায়ী বলে মনে করা হয়।

মেসিনা কেন্দ্রীয় ইতালির ল’আকিলা অঞ্চলের স্যান সালভাতোরে হাসপাতালে মারা যান। সেখানে তাকে কোলন ক্যান্সারের চিকিৎসা দেয়া হচ্ছিলো। উল্লেখ্য, চিকিৎসা নিতে গিয়েই তিনি ধরা পড়েন পুলিশের কাছে। তার নাগাল পেতে ৩০ বছর সময় লেগেছিলো ইতালির পুলিশ বাহিনীর। । দীর্ঘ ৩০ বছর পলাতক থাকার পরে কুখ্যাত ‘মাফিয়া বস’ মাত্তেও মেসিনা ডেনারোকে সিসিলি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মাফিয়া নেতা ডায়াবলিকের আসল নাম মাত্তেও মেসিনা ডেনারো। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগের একটি হলো, তিনি অপরাধী সংগঠন কোসা নোস্ত্রার নেতা হিসেবে অসংখ্য মানুষকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।
বেশ কয়েকটি অপরাধে মেসিনাকে তার অনুপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো, ১৯৯২ সালে মাফিয়া বিরোধী দুই কৌঁসুলি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা।
সবশেষ ২০২০ সালে তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। ৯০ এর দশকের শেষের দিকে মিলান, ফ্লোরেন্স ও রোমে বোমা হামলায় অসংখ্য মানুষকে হত্যার সঙ্গে জড়িত থাকার অপরাধে এই সাজা দেয়া হয়।
১৯৯৩ সালে ইতালির মিলান ও ফ্লোরেন্সে বোমা হামলার সাথেও জড়িত ছিলেন মেসিনা। সেই ঘটনায় নিহত হন ১০ জন। সেই সময়ে ১২ বছরের এক শিশুকে অপহরণ ও হত্যাও করেছিলেন তিনি।

১৯৯৩ সালে গোপন স্থানে চলে যান মেসিনো। সিসিলির রাজধানী পালেরমোর একটি হাসপাতালে গত ১৬ জানুয়ারি পুলিশের হাতে আটক হলেও মাফিয়াদের বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।
নিরাপত্তা বাহিনীর ১০০ জনেরও বেশি সশস্ত্র সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তখনই তাকে একটি গোপন স্থানে নিয়ে যাওয়া হয়।
গত কয়েক দশকে বেশ কয়েকবার মেসিনা প্রায় ধরা পড়তে পড়তে বেঁচে যান । এ রকমই কিছু অভিযানের সময় তার এক বোন প্যাট্রিসিয়া এবং কয়েকজন সহযোগী পুলিশের হাতে ধরা পড়েন।
মেসিনার খুব বেশি ছবি পাওয়া যায়নি। ফলে গত কয়েক দশক ধরে তিনি আসলে দেখতে কি রকম- তা বের করতে পুলিশকে প্রযুক্তির সহায়তা পুরোনো ছবি জোড়া দিয়ে একটা আনুমানিক চেহারা বানিয়ে নিতে হয়।
কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালে এবং ২০২২ সালে দুবার তিনি অস্ত্রোপচার করিয়েছিলেন। পুলিশের চোখ এড়াতে সেই সময় তিনি ছদ্মবেশ ধারণ করে চিকিৎসা নিয়েছিলেন বলে জানা গেছে।
সিসিলির কাস্তেলভেত্রানো শহরে ১৯৬২ সালে জন্ম নেন এই মাফিয়া নেতা। তার বাবাও ছিলেন মাফিয়া। ছোটবেলা থেকেই বাবাকে অনুসরণ করতে থাকেন তিনি।
১৫ বছর বয়সে অস্ত্র হাতে যোগ দেন মাফিয়াদের দলে। পুলিশ জানায়, ১৮ বছর বয়সে তিনি প্রথম হত্যাকাণ্ড ঘটান। বিয়ে না করা মাফিয়া বসের বেশ কয়েকজন প্রেমিকা ছিল বলে জানা গেছে।

খুব অল্প বয়স থেকে মাফিয়া দলের সাথে জড়িয়ে পড়েন মেসিনা ডেনারো। একবার নাকি তিনি বলেছিলেন যে, তার হাতে নিহত ব্যক্তিদের দিয়ে একটি কবরস্থান ভরে ফেলা যাবে।
ডায়াবলিক নামে পরিচিত মেসিনা কুখ্যাত মাফিয়া সর্দার বেরনার্দো প্রোভেনজানোর উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। বেরনার্দোকে সিসিলির একটি খামারবাড়ি থেকে ২০০৬ সালে গ্রেপ্তার করা হয়।
মারিও পুজোর উপন্যাস অবলম্বনে নির্মিত ফ্রান্সিস ফোর্ড কপ্পোলা পরিচালিত ‘দ্য গডফাদার’ সিনেমা সূত্রে সিসিলির এই শহরের নামটি অনেকের জানা থাকায় গ্রেপ্তারের ঘটনাটি বেশ সাড়া ফেলে।
