পুরমাণু কর্মসূচি নিয়ে মার্কিন দাবি নাকচ করলো ইরান

সংলাপে নতুন নাটকীয়তা

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৪:০৩ পিএম

সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি বৈঠক শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। ইরান আবারও তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ফিরিয়ে আনবে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের এমন দাবি সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। সুইজারল্যান্ডে দু’দেশের ঐতিহাসিক আলোচনার পর ভ্যান্স সাংবাদিকদের জানান,  আইএইএ’র সাথে ইরানের আলোচনা আজকের মধ্যেই শুরু হতে পারে। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, পরমাণু পরিদর্শনের বিষয়ে তেহরান নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি।

পরমাণু পরিদর্শন নিয়ে এই রেষারেষি এমন এক সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্র কয়েক দশকের মধ্যে এই প্রথম ইরানকে মার্কিন ডলারে তেল বিক্রি করার অনুমতি দিয়ে সাময়িকভাবে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের সোমবারের যৌথ বিবৃতি অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই দেশ একটি ‘রোডম্যাপ’ তৈরিতে সম্মত হয়েছে। ভ্যান্সও এই আলোচনাকে একটি খুব ভালো ভিত্তি হিসেবে বর্ণনা করেছিলেন।


যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ সোমবার যে ৬০ দিনের জরুরি লাইসেন্স বা নিষেধাজ্ঞা মওকুফ জারি করেছে, তা ওয়াশিংটনের দীর্ঘদিনের কঠোর অর্থনৈতিক অবরোধের মূল স্তম্ভগুলোকে কার্যত ভেঙে দিয়েছে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরান সরাসরি যুক্তরাষ্ট্রেও অপরিশোধিত তেল ও পেট্রোকেমিক্যাল উৎপাদন, বিক্রি ও সরবরাহ করতে পারবে।

শুধু তাই নয়, এই সিদ্ধান্তের ফলে ইরানের ব্যাংকিং লেনদেন, বীমা এবং পরিবহন খাতের ওপর থাকা নিষেধাজ্ঞার তালা খুলে গেছে। এর ফলে অতীতে তেল বিক্রির জন্য ইরানকে যেসব জটিল ও গোপন নেটওয়ার্ক ব্যবহার করতে হতো, তার আর প্রয়োজন পড়বে না। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, এই ৬০ দিনের নিষেধাজ্ঞা মওকুফের বিনিময়ে তেহরান হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং আইএইএ’র পরমাণু পরিদর্শকদের দেশে ফিরিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

সোমবার সকালে সুইজারল্যান্ডে সাংবাদিকরা জেডি ভ্যান্সের কাছে জানতে চেয়েছিলেন, পরিদর্শকরা কবে ইরানে ফিরছেন? ভ্যান্স জবাবে বলেন, তিনি আশা করছেন এই প্রক্রিয়া চলতি সপ্তাহের মধ্যেই শুরু হবে। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দাবি করেন যে, ইরান বড় ধরনের অস্ত্র পরিদর্শনে রাজি হবে।


মার্কিন শিবিরের এই অতি-উৎসাহে পানি ঢেলে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় সংবাদসংস্থা ইরনা’কে বলেন, পরমাণু পরিদর্শনের বিষয়ে তেহরান নতুন কোনো প্রতিশ্রুতি দেয়নি। তিনি স্পষ্ট করে দেন, জাতিসংঘের পরিদর্শকদের সাথে যে কোনো ধরনের যোগাযোগ শুধু পার্লামেন্ট এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কর্তৃক নির্ধারিত বিদ্যমান নিয়মনীতি অনুযায়ী পরিচালিত হবে।

উল্লেখ্য, গত গ্রীষ্মে ১২ দিনের যুদ্ধের সময় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের শিকার হওয়া পরমাণু কেন্দ্রগুলোতে আইএইএ’র প্রবেশাধিকার স্থগিত করেছিল ইরান। এর পরের মাসেই জাতিসংঘের এই পরমাণু তদারকি সংস্থা তাদের অবশিষ্ট পরিদর্শকদেরও ইরান থেকে প্রত্যাহার করে নেয়। ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর থেকেই এই সংকট ঘনীভূত হয়।

এবারের আলোচনার টেবিলেও ট্রাম্পের স্বভাবসুলভ হুমকি উত্তেজনা ছড়িয়েছিল। ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানকে আবারও খুব জোরে আঘাত করতে পারে। ভ্যান্স জানান, ট্রাম্পের এই পোস্টের পর ইরানি প্রতিনিধি দল রোববার বৈঠক থেকে ওয়াক আউট করার হুমকি দিয়েছিল। ভ্যান্স তখন ইরানিদের বুঝিয়ে বলেন, ট্রাম্প শুধু ইরানের ‘বাজে কথার’ জবাব দিচ্ছিলেন। সোমবার ওভাল অফিস থেকেও ট্রাম্প ইরানকে নতুন করে সতর্ক করে বলেন, ইরান যদি চুক্তি মেনে না চলে বা ঠিকঠাক আচরণ না করে, তবে আমাকে যা করার আমি তা-ই করব।


সব বিতর্ক ও হুমকির মধ্যেও মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপার নিশ্চিত করতে দুই দেশের মধ্যে একটি সরাসরি ‘কমিউনিকেশন লাইন’ স্থাপন করতে সক্ষম হয়েছে। পাশাপাশি, লেবাননে সামরিক অভিযান পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, ইরান ও লেবাননের মধ্যে একটি যৌথ ‘ডি-কনফ্লিকশন সেল’ বা সমন্বয় সেল গঠন করা হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানিয়েছেন, এই চুক্তির প্রথম আসল পরীক্ষা হবে লেবানন। গত শনিবার রাত থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে লড়াইয়ের তীব্রতা অনেকটাই কমে এসেছে এবং একটি ভঙ্গুর যুদ্ধবিরতি আপাতত বজায় রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার জানিয়েছে, শান্তি আলোচনাকে এগিয়ে নিতে আগামী দিনগুলোতে পরমাণু ইস্যু এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বিষয়গুলো নিয়ে আলাদা আলাদা বিশেষায়িত কূটনৈতিক ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর