বুধবার ভোরে মধ্য নেপালের পার্বত্য জেলা রসুয়ার ভোটেকোশী নদীতে সৃষ্ট একটি আকস্মিক বন্যা নদী তীরবর্তী লোকালয়গুলোতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে। নিরাপত্তা কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার বিকেল পর্যন্ত কমপক্ষে ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ২৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে রসুয়ার লোকালয়গুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ এই বন্যায় একটি জলবিদ্যুৎ প্রকল্প সম্পূর্ণ ভেসে গেছে এবং চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পসহ অন্যান্য বেশ কয়েকটি প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। রসুয়ার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিচে সংযুক্ত ছবিগুলোতে তিমুরে, স্যাব্রুবেসি এবং নিম্নাঞ্চলের অন্যান্য এলাকায় বন্যার তাণ্ডব ও ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র ফুটে উঠেছে।











