আগামী ১০ অক্টোবর দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ প্রতিবাদ সমাবেশকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে ভারতের জাতীয় রাজধানী। বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যক নারী আন্দোলনকারীর যোগদানের আগাম খবর পেয়ে দিল্লি পুলিশ কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর অতিরিক্ত ৫০০ জন নারী সদস্যকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

১০ অক্টোবরের এই আন্দোলনে অন্তর্বর্তী নিরাপত্তার জন্য অতিরিক্ত ১১ হাজার কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে অন্তত ৫টি সম্পূর্ণ নারী কোম্পানি থাকবে। এর মাধ্যমে দিল্লিতে মোট সিএপিএফ সদস্যের সংখ্যা দাঁড়াবে প্রায় ২৬ হাজারে, যা ২০২০ সালের উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার পর রাজধানীতে সবচেয়ে বড় সামরিক মোতায়েন। এছাড়া নতুন দিল্লি জেলায় ইতোমধ্যেই ৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত আছেন, বিক্ষোভের দিন যা বাড়িয়ে ১৫ হাজারে উন্নীত করা হতে পারে।
দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আগের আন্দোলনগুলোতে এবং গত কয়েক দিনের প্রতিবাদেও নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তাই ১০ অক্টোবরের সমাবেশেও নারী বিক্ষোভকারীদের সংখ্যা অনেক বেশি থাকবে ধরে নিয়েই অতিরিক্ত নারী সদস্য মোতায়েনের এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্দোলনকারীদের ভিড় সামলাতে ও প্রতিরোধ গড়ে তুলতে কৌশলগত একাধিক পদক্ষেপ নিচ্ছে দিল্লি পুলিশ। বিশেষ করে শিক্ষার্থীদের এই আন্দোলন থেকে দূরে রাখতে রাজধানীর বিভিন্ন পেয়িং গেস্ট মালিক ও রেসিডেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিশেষ বার্তা পাঠানো হচ্ছে।
পুলিশ পিজি মালিকদের মাধ্যমে শিক্ষার্থীদের সতর্ক করে জানিয়ে দিচ্ছে, নতুন দিল্লি জেলা এলাকায় ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’-এর ১৬৩ ধারা কার্যকর রয়েছে। ফলে যে কোনো ধরণের জমায়েত বা বিক্ষোভ আইনিভাবে সম্পূর্ণ অবৈধ এবং এর কঠোর পরিণতি হতে পারে।

একই সঙ্গে দিল্লির সীমান্ত এলাকাগুলোতেও সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূর্ব দিল্লি ও শাহদারা সংলগ্ন উত্তর প্রদেশ সীমান্ত, দ্বারকা সংলগ্ন হরিয়ানা সীমান্ত এবং দক্ষিণ-পশ্চিম দিল্লি সংলগ্ন রাজস্থান সীমান্ত দিয়ে সংগঠিত কোনো দল যেন দিল্লিতে ঢুকতে না পারে, সেজন্য বসানো হচ্ছে বিশেষ ব্যারিকেড। নতুন দিল্লি অভিমুখে যাওয়া সব পথগুলোতে কড়া চেকিং ও নজরদারির মাধ্যমে আন্দোলনকারীদের রাজধানীর প্রাণকেন্দ্রে পৌঁছানো আটকে দেয়ার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
