অগ্রহায়ণে দাপট না দেখালেও পৌষের শুরুতেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। এদিকে শনিবার রাত থেকেই বইছে ঠাণ্ডা বাতাস। আবহাওয়া অধিদপ্তর বলছেন এই বাতাসের সঙ্গে শীত আরও বাড়বে।
চলতি সপ্তাহের শেষে উত্তরাঞ্চল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস। গতকালও সেখানে এ তাপমাত্রা ছিল।
উত্তরের বাতাস বয়ে যাওয়ার কারণে রোববার সকাল থেকে ঢাকায় বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ ডিগ্রি, যদিও শনিবার এই তাপমাত্রা ছিল ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, গতরাত থেকে ঠাণ্ডা বাতাস বইছে। উত্তরও উত্তর-পূর্ব দিক থেকে বইছে এই বাতাস। রোববার (১৯ ডিসেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এখনও উত্তরাঞ্চল কিংবা অন্য কোথাও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তেঁতুলিয়া ছাড়া আরও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামেনি।
আরও পড়ুন: হাসপাতাল পরিদর্শনে মাশরাফি, ৮ চিকিৎসককে শোকজ
গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘণ্টায়ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানান আফরোজা সুলতানা।
একাত্তর/এসি
