বাংলাদেশে খাদ্য সঙ্কট হওয়ার মতো পরিস্থিতি নেই জানিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে খাদ্যে সঙ্কট দেখা দিলে বিশেষ বিবেচনায় কানাডা থেকে আমদানি করা যাবে।
বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কানাডিয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।
বেশিরভাগ ফসল দেশেই উৎপাদন হয় জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের পরে কানাডার সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও নতুন মাত্রা পেয়েছে। ভোজ্য তেল এখনও আমরা উৎপাদন করতে পারিনা। তেল, গম, ডাল সবই কানাডা থেকে আমদানি করা হয়। যুদ্ধের কারণে খাদ্য সংকট দেখা দিতে পারে। সেজন্য কানাডার সঙ্গে আলোচনা করা হয়েছে। যদি কোনো সঙ্কট তৈরি হয় তবে বিশেষ বিবেচনায় কানাডা থেকে যেন খাদ্য শস্য আমদানি করা যাবে।
মন্ত্রী বলেন, পটাশিয়াম আমদানি করার ক্ষেত্রে আলোচনা করা হয়েছে। কারণ পটাশিয়াম রাশিয়া ও বেলারুশ থেকে আমদানি করা যাচ্ছে না। আর চীন বিশ্ব বাজার থেকে সার কেনা শুরু করেছে। যে কারণে আগে ভাগে আলোচনা করা। কারণ সামনে ফসলের মৌসুমে কৃষকের পটাশিয়াম দরকার পরবে। বিশ্ব বাজারে সারের দামও বেড়েছে প্রচুর।
কৃষিমন্ত্রী জানান, সম্প্রতি কানাডিয়ান সাসকোয়ান বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার চালু করেছে, যার মাধ্যমে উচ্চ শিক্ষায় সহায়তা দেওয়া হবে।
এ সময় কানাডিয়ান হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে বিশেষ যে বন্ধুত্ব আছে সেটি চলমান থাকবে। কৃষিতে আরও সহায়তা বাড়িয়ে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে আমরা কাজ করতে আগ্রহী। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র আরও কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আলাপ করছি।
আরও পড়ুন: হাজি সেলিম আইন মেনেই বিদেশ গেছেন, চলেও এসেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে ঈদ উদযাপনের পরিবেশ নেই- বিএনপির এমন মন্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো আছে। তবে তারা যতোই আন্দোলনের কথা বলুক না কেন, তাতে তারা সফল হবেন না।
শেষে আওয়ামী লীগের সম্মেলনের প্রস্তুতির কথা জানিয়ে দলটির প্রেসিডিয়াম সদস্য বলেন, তিন বছর পর পর সম্মেলন হয় এটা আওয়ামী লীগের রুটিন ওয়ার্ক। আমাদের কর্মকাণ্ড কখনো বসে থাকে না। সম্মেলনের মাধ্যমে সময়মতো দলের নেতৃত্ব নির্বাচিত হবে।
একাত্তর/এসি
