চলতি বছরের হজ কার্যক্রম শুক্রবার (৩ জুন) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এ কার্যক্রমের উদ্বোধন হবে।
বৃহস্পতিবার (২ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি হজ কার্যক্রমে যুক্ত হবেন।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজ ক্যাম্পের অনুষ্ঠানে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত থাকবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই (৯ জিলহজ) সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
করোনা মহামারির কারণে গত ২ বছর বাংলাদেশে থেকে কেউ হজে অংশ নিতে পারেননি। এবার হজে সারা বিশ্বের ১০ লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাবেন। হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে।
এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।
আরও পড়ুন: বৃহত্তর ঐক্যের নামে বৃহত্তম তামাশা করছে বিএনপি: কাদের
গত ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিলো, কিন্তু বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই।
হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।
একাত্তর/আরএ
