মস্কোয় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলবের ঘটনায় তার কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক বক্তব্য দেবে বলেও জানান তিনি।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিককের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এর আগে, মস্কোয় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবের বিষয়টি জানায় রুশ বার্তাসংস্থা তাস।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার পণ্যবাহী জাহাজ বাংলাদেশের বন্দরে ভিড়তে না দেয়ার ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। রাষ্ট্রদূতকে বলা হয়েছে- এমন পদক্ষেপ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনায় বিরূপ প্রভাব ফেলতে পারে।
এদিকে, রয়টার্স এক প্রতিবেদনে জানায়, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে দেশটির মালিকানাধীন অনেক জাহাজের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা একাধিক রাশিয়ান জাহাজকে বন্দরে ভিড়তে দেয়নি বাংলাদেশ।
আরও পড়ুন: রোহিঙ্গাদের জন্য আরও সাড়ে চার মিলিয়ন ডলার দিচ্ছে জাপান
পরে মস্কোকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সরঞ্জাম নিষেধাজ্ঞার আওতায় না থাকা জাহাজে করে পাঠানোর অনুরোধ জানিয়েছিল ঢাকা।
একাত্তর/এআর
