এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে সরকার। এখন থেকে সরকারের নির্ধারিত দামের থেকে বেশি দাম নিলেই ৩৩৩ নম্বর অভিযোগ দেওয়া যাবে। আর অভিযোগ পেলেই ব্যবস্থা নেবে সরকার।
আগামী ৩১ জানুয়ারির মধ্যে সরকার এই সুবিধা চালু করবে বলে সোমবার জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এদিন সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন পলক, সেখানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
প্রতিমন্ত্রী পলক বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন, মজুদ, সরবরাহ, আমদানিসহ সার্বিক তথ্য জানার মাধ্যমে সুনির্দিষ্ট পরিকল্পনা করেই নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করা হবে।
‘সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বেচাকেনা হলে, দ্রব্যমূল্য নিয়ে যেকোনো ভোক্তা বা সাধারণ মানুষ এই নম্বরে সরাসরি ফোন করে অভিযোগ করতে পারবেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন,’ বলেন তিনি।
যেকোনো প্রয়োজনে সরকারের সহায়তার জন্য বর্তমানে জাতীয় জরুরি সেবা ৯৯৯ চালু রয়েছে। বাল্য বিয়ে, হত্যা, ধর্ষণ, আগুন নিয়ন্ত্রণ থেকে সাগরে জেলে নিখোঁজের মতো ঘটনাতেও জাতীয় জরুরি সেবার সহায়তা নেন মানুষ।
বাংলাদেশ পুলিশের অধীনে ২০১৭ সালের ১২ ডিসেম্বর ৯৯ সেবা চালু হয়। গত বছরের ২৫ নভেম্বর পর্যন্ত মোট পাঁচ কোটি ১২ লাখ ২১ হাজার ২৮৫টি কল এসেছে।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে হটলাইন চালু হলে তা পণ্যমূল্য স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
জুনাইদ আহমেদ বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৩৩ নম্বরে বর্তমানে যে সব সেবা আছে, সেগুলো চালু থাকবে। পাশাপাশি ৩৩৩ নম্বরে ফোন করার পর আরেকটি ডিজিটে চাপ দিয়ে নতুন সেবাটি পাওয়া যাবে।
‘৩১ জানুয়ারির মধ্যে এই সুবিধা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে নতুন একটি ওয়েবসাইট খোলা হবে; যেখানে পণ্যের দাম, মজুতসহ বিভিন্ন তথ্য থাকবে,’ বলেন পলক।
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য সব শ্রেণির মানুষের কাছে সরকারি সেবা ও তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘সরকারি তথ্য ও সেবা সবসময়’- স্লোগান নিয়ে জাতীয় সেবা কল সেন্টার – ৩৩৩-এর যাত্রা শুরু।
দেশের নাগরিকরা ৩৩৩ নম্বরে এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন।
এই সেবার আওতায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সঙ্গে যোগাযোগের তথ্য, বিভিন্ন এলাকার পর্যটনের স্থানসমূহ এবং বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে।
এছাড়াও ৩৩৩ নম্বরে ফোন করে বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে প্রতিকারের জন্য জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে তথ্য দেওয়া ও অভিযোগ জানানো যাবে।
এমনকি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা মহামারির সময়ে কেউ খাদ্য সংকটে পড়লে এই নম্বরে ফোন করে সরকারের কাছ থেকে খাদ্য সহায়তা পাওয়া যাবে।
বর্তমানে ৩৩৩-এ ফোন করলে প্রতি মিনিটে ভ্যাট ও সারচার্জ সহ ৭৩ পয়সা খরচ হয়।
দুর্নীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ‘কঠোর’ হচ্ছে সরকার