ময়মনসিংহ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং ছয়টি পৌরসভাসহ স্থানীয় সরকারের ২৩১টি উপনির্বাচন হবে সকালে।
শনিবারের ভোট উপলক্ষে এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে।
নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে সাধারণ এবং কুমিল্লা সিটিতে মেয়রের শূন্য পদে উপনির্বাচন ছাড়াও তিনটি পৌরসভার সাধারণ ও বিভিন্ন পৌরসভার মেয়রের শূন্য পদসহ নানা ওয়ার্ডের কাউন্সিলরের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, ৭টি জেলা পরিষদের উপনির্বাচনসহ ১৮৭টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন।
সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমন্বয়ে মনিটরিং সেলও গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, এ নির্বাচনে চাহিদার তুলনায় বেশি ফোর্স দেয়া হয়েছে। এর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলেই ভোট বন্ধ করে দেয়া হবে।
দুই সিটির ভোট হবে ইভিএমে। আর অন্য নির্বাচনগুলোর কিছু ইভিএমে ও বাকিগুলো হবে ব্যালটে।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৮৭২, নারী ভোটার এক লাখ ৭২ হাজার ৬১৫ এবং হিজড়া ৯জন। এ সিটিতে সাধারণ ওয়ার্ড ৩৩টি, সংরক্ষিত ওয়ার্ড ১১টি। ভোট কেন্দ্র ১২৮টি ও ভোট কক্ষ ৯৯০টি।
এখানে মেয়র পদে প্রার্থীদের মধ্যে দলীয় প্রার্থী মাত্র একজন। জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দলের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগে কাউকে মনোনয়ন না দিয়ে প্রার্থিতা উন্মুক্ত রেখেছে। টেবিল ঘড়ি নিয়ে লড়াইয়ে আছেন বর্তমান মেয়র ইকরামুল হক, ঘোড়া প্রতীকে জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, হাতি মার্কায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাদিকুল হক খান মিল্কী টজু এবং হরিণ প্রতীক নিয়ে কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক রেজা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৪৯ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড কমিশনার পদে ৬৯ জন লড়ছেন।
সিটিতে ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া সাধারণ ভোট কেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে ৩৩টি মোবাইল ফোর্স, ১১টি স্ট্রাইকিং ফোর্স ও একটি রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করছেন। এর বাইরে র্যাবের ১৭টি টিম ও ৭ প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। ওই বছরের ৭ জুলাই রিফাত মেয়রের দায়িত্ব নেন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রিফাতের মৃত্যু হয়। এরপর ১৮ ডিসেম্বর মেয়রের পদ শূন্য ঘোষণা করা হয়। পরে গত ২২ জানুয়ারি মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র পদের উপনির্বাচনে মোট ভোটার দুই লাখ ৪২ হাজার ৪৫৮। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ১৮২, মহিলা ভোটার এক লাখ ২৪ হাজার ২৭৪ এবং হিজড়া ২ জন। ভোটকেন্দ্র ১০৫টি ও ভোট কক্ষ ৬৪০টি।
কুমিল্লায় সিটি কর্পোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। বিএনপি থেকে বহিষ্কার দুই নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (ঘড়ি) এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজামুদ্দিন কায়সার (ঘোড়া প্রতীক) নিয়ে নির্বাচন করছেন।
আর আওয়ামী লীগ মহানগর সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার (বাস) এবং নগর আওয়ামী লীগ উপদেষ্টা নূর-উর তানিম (হাতি) প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।
এ সিটিতে ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া সাধারণ ভোট কেন্দ্রে ১৬ জন ও ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে ১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে ২৭টি মোবাইল ফোর্স, ৯টি স্ট্রাইকিং ফোর্স ও দুটি রিজার্ভ ফোর্স দায়িত্ব পালন করছে। এর বাইরে র্যাবের ২৭টি টিম ও ১২ প্লাটুন বিজিবি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত রয়েছে।
সিটি নির্বাচনের জন্য প্রস্তুত ময়মনসিংহ
টাকা দিতে গিয়ে ধাওয়া খেয়েছেন মেয়র মহিউদ্দিন, দাবি স্থানীয় ভোটারদের