পঞ্জিকার পাতায় পহেলা আষাঢ় শনিবার। আষাঢ়-শ্রাবণ দুই মাস নিয়ে বর্ষাকাল। তপ্ত ধরণীর বুকে বৃষ্টি এই ঋতু প্রকৃতির রূপও বদলে দেয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ‘দহনশয়নে তপ্ত ধরণী পড়েছিল পিপাসার্তা/ পাঠালে তাহারে ইন্দ্রলোকের অমৃতবারির বার্তা…।’
অস্বস্তিকর গরমের মধ্যে স্বস্তির আশায় আছে মানুষ। তবে, আবহাওয়া অফিস বৃষ্টির খবর দিলেও তাপপ্রবাহ নিয়ে খুব একটা ভালো খবর দিতে পারেনি।
শনিবার সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন এলাকায় কালো হয়ে আছে আকাশ, কোথাও কোথাও ভারী বর্ষণ। অনেকের চিন্তা কেমন যাবে ঈদের দিন। সোমবার মুসলমানদের অন্যতম প্রধান উৎসব ঈদুল আজহা। ঈদের জামাত মাঠে হবে না মসজিদে, কোরবানি কোথায় করা সম্ভব হবে এর সব কিছুই নির্ভর করবে বৃষ্টির ওপর।
শনিবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার কোরবানির ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
এসময় চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া ঈদের দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে।
ঈদের আগে দু’দির, অর্থাৎ শনি ও রোববারও থাকবে বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজ করতে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
পুরো সপ্তাহ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
যেসব অঞ্চলে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর