কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও মৃত্যুর ঘটনায় বিশদ তদন্তের অংশ হিসেবে রংপুর যাচ্ছেন তিন সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিশন।
আগামী ৮ আগস্ট পর্যন্ত সেখানে সার্কিট হাউজে অবস্থান করে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন তারা।
হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে কমিশনের অন্য দুই সদস্য হলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।
শনিবার তিন সদস্যের তদন্ত কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা তদন্তের কাজ শুরু করে দিয়েছি। তদন্ত কমিশনের পরিধির আওতাভুক্ত সব হত্যা ও ধ্বংসযজ্ঞের ব্যাপারে বিশদ তদন্ত করব। এই তদন্তে প্রাপ্ত সব তথ্য-উপাত্তের ব্যাপারে প্রয়োজনে অভিজ্ঞ আন্তর্জাতিক তদন্ত সংস্থার সাহায্য নিয়ে কে বা কারা এই কর্মকাণ্ডের জন্য দায়ী, সেটি নিরূপণ করবো।
‘আমরা ৪ আগস্ট রংপুরে যাবো এবং ৮ আগস্ট পর্যন্ত সেখানে সার্কিট হাউজে অবস্থান করে তদন্ত কার্যক্রম পরিচালনা করবো। এসময় আমরা ঘটনাস্থল সমূহ পরিদর্শন করবো এবং সাক্ষীগণের সাক্ষ্য গ্রহণ করবো।’
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘাতের ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির সমন্বয়ে তদন্ত কমিশন গঠন করেছে সরকার।
কমিশন তদন্তকাজ শেষ করে আগামী ৪৫ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিশদ তদন্ত করবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন