নিয়োগের আদেশের ১১ দিনের মাথায় বাংলাদেশে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর বেধে দেয়া সময়সীমা ২৪ ঘণ্টার আগেই তাদের নিয়োগ বাতিল করে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
যে ছয় সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন- অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।
প্রজ্ঞাপনে বলা হয়, সদ্য নিয়োগপ্রাপ্ত ছয়জন ব্যক্তির পিএসসির সদস্য পদে নিয়োগ আদেশ রাষ্ট্রপতির অনুমোদনক্রমে বাতিল করা হলো। তারা এখনো পিএসসির সদস্য হিসেবে শপথ নেননি। ছয় ব্যক্তির নিয়োগ বাতিলের আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ২ জানুয়ারি বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে এই ছয় জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত ৯ জানুয়ারি তাদের শপথ নেয়ার কথা থাকলেও আগের দিন রাতে তাদের শপথ অনুষ্ঠান স্থগিত করা হয়।
তাদের শপথ স্থগিত চেয়ে আট জানুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর চিঠি পাঠায় পিএসসি। পিএসসির অনুরোধের পরিপ্রেক্ষিতে নতুন ছয় সদস্যের শপথ গ্রহণ অনুষ্ঠান স্থগিত করেন সুপ্রিমকোর্ট।
নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্যকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার কারণে তাঁদের শপথ স্থগিত করা হয়। নতুন নিয়োগ পাওয়া কয়েকজন সদস্য বিগত সরকারের ঘনিষ্ঠজন হওয়ায় এই সমালোচনা হচ্ছিল। এখন এই ছয়জনকে বাদ দিয়ে চেয়ারম্যানসহ পিএসসির সদস্যসংখ্যা দাঁড়ালো ৯ জন।
শাহীনা সোবহান, জাগরুল আহমেদ এবং মিজানুর রহমানের নিয়োগ বাতিলের দাবিতে গত রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে একদল শিক্ষার্থী। তাঁরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। তাঁর আগেই দাবি মেনে নিলো সরকার।
মধুর ক্যান্টিনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের টিভি, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের মাস্টার্সের ছাত্র জালাল আহমেদ। উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মামুন হাসান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আল আমিন মিরা, শান্তি ও সংঘর্ষ বিভাগের রাখেশ ও বাংলা বিভাগের আবু হানিফ আল ইমরান প্রমুখ।
লিখিত বক্তব্যে বলা, গত ২ জানুয়ারি ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তিনজন দোসরকে’ পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ডা. শাহীনা সোবহানের বাবা সৈয়দ আব্দুস সোবহান ১৯৭৯ সালে জামালপুর ৫ আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন।
১৯৭৫ সনে বাকশাল গঠিত হলে তিনি সম্পাদকমন্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সনে ‘শেখ মুজিবের হত্যাকাণ্ডের’ পর তিনি আত্মগোপন করেন। ১৯৭৬ সালের ৪ মার্চে তিনি গ্রেপ্তার হন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় তিনি আওয়ামী লীগের ডা. দীপু মনির ‘ঘনিষ্ঠ বান্ধবী’ ছিলেন।
তিনি ‘বিতর্কিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন সচিব মোখলেস সাহেবের স্ত্রী ডক্টর বেলির সুপারিশে নিয়োগপ্রাপ্ত’।
ওই শিক্ষার্থীদের দাবি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এফ জাগরুল আহমেদ আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী ছিলেন। ‘তিনি ২০১৪ সালে আয়নাঘর মানে ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন ও নারী কেলেঙ্কারিতে জড়িত’। ২০১৮ সালে তিনি অবসরে যান।
ওই লিখিত বক্তব্যে আরো বলা হয়, ড. মিজানুর বিসিএস ৮৫তম ব্যাচের কর্মকর্তা। আওয়ামী লীগের সময়ে বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। বিয়াম ফাউন্ডেশনকে প্রশাসন ক্যাডারদের ‘কেন্দ্রবিন্দু’ ধরা হয়ে থাকে। উনিও আওয়ামী লীগের আমলে বিভিন্ন দূতাবাসে ‘প্রাইজ পোস্টিং’ পেয়েছেন।
ইন্ডিয়া টুডের প্রতিবেদন ভুয়া: প্রেস উইং