নতুন পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে পে কমিশন বাস্তবায়ন না হওয়া নিয়ে সরকারি কর্মচারীদের অসন্তোষ বা ক্ষোভের কিছু নেই। এ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পে কমিশনের জন্য আলাদা একটি কমিশন কাজ করছে। তিনটি রিপোর্ট পাওয়ার পর সেগুলো যাচাই-বাছাই করে তারপরই কমিশন দিতে হবে। বর্তমান সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে।
গত আট বছরে এ বিষয়ে কিছু হয়নি, তাই আমরা উদ্যোগ নিয়েছি উল্লেখ করে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, তবে এখানে বাজেটের বিষয়ও আছে এবং সরকারের অন্যান্য সামাজিক খাতকেও বিবেচনায় নিতে হবে। পরবর্তী সরকার পে কমিশন দেবে না কেন? এটা তো যৌক্তিক।
আজ ক্রয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে বিভিন্ন বন্দর ও জেটিতে আটকে থাকা পুরোনো গাড়ি ভাঙারি বা স্ক্র্যাব আকারে বিক্রির সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।
নির্বাচনে দায়িত্বরত পুলিশের জন্য বডি ক্যামেরা কেনার ব্যাপারে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সংশোধিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কিছুটা কমানো হবে। সেইসাথে মূল্যস্ফীতির টার্গেট বাড়ানো হবে।
কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, আতঙ্ক-ক্ষোভ-হতাশায় নগরবাসী
প্রবাসী ভোটার নিবন্ধনে যেসব কাগজ প্রয়োজন