দেশের বর্তমান বৈদেশিক ঋণের স্থিতি এবং তা পরিশোধের হালনাগাদ তথ্য জাতীয় সংসদে তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী। মঙ্গলবার (২১ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, গত ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার।
অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পরিশোধ করা হয়েছে।
আসন্ন বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আগামী বাজেটে দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়ার প্রবণতা কমিয়ে আনা হবে। এ সময় ব্যাংক কর্মকর্তাদের বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। অর্থমন্ত্রী জানান, এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে এবং বিনা নোটিশে চাকরি হারানোদের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
একই অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের যোগাযোগ ও প্রযুক্তি খাতের উন্নয়ন নিয়ে কথা বলেন। তিনি জানান, সরকার দেশের ইন্টারনেট ব্যবস্থা আধুনিকায়ন করার কাজ করছে এবং দ্রুততম সময়ে এই সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জের আম চাষীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জানান, সেখানে আম সংরক্ষণের জন্য একটি বিশেষ সংরক্ষণাগারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
অধিবেশন চলাকালে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন দেশের জ্বালানি পরিস্থিতির দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি এলপিজি গ্যাসের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালে ও সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সরকারের কাছে জোরালো আহবান জানান।
