সারাদেশে গেলো ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ১৫৩ জনের।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনায় একজন মারা যায়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৫১ জন। নিশ্চিত হামে মৃত্যু হয় ৯২ জনের। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৬৪৩ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১ হাজার ২৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৮৪ হাজার ২৬৬।
অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১২৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১০ হাজার ১৮৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮ হাজার ৯৩৪ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৫ হাজার ২৭৫ জন।
গত চার ও ২৫ মে হাম ও উপসর্গে একদিনে ১৭টি এবং ২৪ মে একদিনে ১৬টি শিশুর মৃত্যুর খবর দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর।
বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে: মঈন খান
নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী