ভারতের নেতৃত্বে যদি রাজনৈতিক সদিচ্ছা ও আন্তরকিতা থাকে, তবে গঙ্গা পানিবণ্টনসহ যেকোনো জটিল সমস্যার সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতীয় নেতৃত্বের এগিয়ে এসে সহযোগিতার মানসিকতা থাকলে গঙ্গা চুক্তি নিয়ে সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক সমাধান পাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানী ঢাকার বিআইআইএসএস মিলনায়তনে অনুষ্ঠিত ‘পানির ভবিষ্যৎ নিয়ে নতুন ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এই কথা বলেন।
সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি প্রতিবেশী দেশের মধ্যে সংবেদনশীল ইস্যুতে কার্যকর ও ফলপ্রসূ আলোচনা চালানোর জন্য গণতান্ত্রিক বৈধতা অত্যন্ত জরুরি। জনগণের অর্পিত ম্যান্ডেট এবং আন্তর্জাতিক আইন ও নীতির ওপর ভিত্তি করেই ভারত সরকারের সঙ্গে ন্যায্য ও ন্যায়সংগত উপায়ে পানি বণ্টনের বিষয়ে আলোচনা এগিয়ে নেবে বাংলাদেশ।
তিনি আরও জানান, ভারতের সঙ্গে যৌথ পানি সহযোগিতার আলোচনায় নতুন গতি আনতে এবং কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই আলোচনা প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনের স্বীকৃত দিক এবং নদী অববাহিকাসংক্রান্ত বিধিমালাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হচ্ছে।
