বিশ শতকের ভোরে যখন ইউরোপ নতুন সময়ের কাঁটায় রক্তাক্ত হয়ে জেগে উঠছে, তখন শিল্প, রাজনীতি, সমাজ—সবই এক অস্থির সঞ্চরণে ঘুরপাক খাচ্ছে।
সাম্রাজ্যবাদের গর্জন, শিল্প বিপ্লবের যান্ত্রিকতা, প্রযুক্তির উন্মাদনা, যুদ্ধের ছায়া—সব মিলিয়ে এক দ্বন্দ্বময় সময়।
এই বিশৃঙ্খলার ভেতরেই ১৮৮১ সালের ২৫ অক্টোবর, কোনো এক শরতের সকালে স্পেনের মালাগায় জন্ম নেন এমন এক শিশু, যার হাতে তুলিতে একদিন শুধু রঙ নয়, মানবতার আত্মাও রূপ পেয়েছিলো। তার নাম পাবলো পিকাসো—যিনি শুধু ছবি আঁকেননি, আঁকার অর্থটাই নতুনভাবে শিখিয়েছেন মানবজাতিকে।
পিকাসোর জীবন শুরু হয়েছিল সৌন্দর্যের অনুকরণ দিয়ে, কিন্তু খুব দ্রুতই তিনি বুঝে ফেলেছিলেন যে শিল্প বাস্তবতার অনুগামী নয়, বরং তার বিপ্লবী বিকল্প। তার হাতে তুলি পরিণত হয়েছিল এক নান্দনিক অস্ত্রে—যে অস্ত্র রঙের মাধ্যমে ভেঙে দেয় প্রতিষ্ঠিত ধারণা, তৈরি করে নতুন দৃষ্টি। তিনি বলেছিলেন, ‘Art is a lie that makes us realize the truth.’ মিথ্যা নয়, বরং সত্যের সেই মায়ার ভেতর দিয়েই তিনি মানবসত্যের গভীরতম রূপ আবিষ্কার করেছিলেন।
যখন ইউরোপ রেনেসাঁসের পরম্পরায় বন্দী, তখন পিকাসো তার Les Demoiselles d’Avignon আঁকলেন—একটি ক্যানভাস যা সৌন্দর্যের প্রচলিত মানদণ্ডে আঘাত করেছিল। সেখানে শরীর ভাঙা, মুখ বিকৃত, ভঙ্গি অস্বস্তিকর; কিন্তু সেই বিকৃতি থেকেই যেন উদ্ভাসিত হয়েছে মানুষের প্রকৃত জটিলতা। এই চিত্রই জন্ম দিল কিউবিজমের—যেখানে বাস্তবতা টুকরো টুকরো হয়ে আবার নতুনভাবে গঠিত হয়, যেনো দৃষ্টির ভেতরেই জন্ম নেয় আরেক দৃষ্টি।
তার সমসাময়িক পৃথিবী ছিলো যুদ্ধ ও রাজনীতির গহ্বর। প্রথম বিশ্বযুদ্ধের ধ্বংস, ফ্যাসিবাদের উত্থান, স্পেনের গৃহযুদ্ধ—সবকিছুই পিকাসোর চেতনাকে তীব্রভাবে আলোড়িত করেছিল। শিল্প তার কাছে কখনো কেবল অলংকার ছিলো না, বরং নৈতিক অস্ত্র। সেই বিশ্বাস থেকেই জন্ম নিলো Guernica—বিশ্ব বিবেকের এক চিরন্তন প্রতিবাদ।
সাদা-কালো ধূসর সেই ক্যানভাসে নেই কোনো অলংকার, আছে শুধু আর্তনাদ। গরুর চোখ, ভাঙা তলোয়ার, নিথর শিশুর দেহ—সব মিলিয়ে যেন যুদ্ধের মুখোশ খুলে ফেলা হলো মানবতার সামনে।
তিনি বলেছিলেন, ‘Painting is not made to decorate apartments; it is an instrument of war against brutality.’ শিল্প হয়ে উঠেছিল তাঁর কাছে ন্যায়বোধের ভাষা।
একই সময়ে ইউরোপে হেনরি মাতিস রঙে শান্তির নৃত্য খুঁজছেন, দালি স্বপ্নের গলন থেকে গড়ে তুলছেন বিভ্রমের শিল্প, মঁদ্রিয়ান জ্যামিতিক রেখায় অন্বেষণ করছেন আধ্যাত্মিক স্থিতি। কিন্তু পিকাসো ছিলেন এক ভিন্ন মেরুতে। তার শিল্পে প্রশান্তি ছিলো না, ছিলো তীব্র জীবন। যেখানে মাতিস রঙে শান্তি খুঁজেছেন, সেখানে পিকাসো রঙকে পরিণত করেছেন প্রশ্নে। তিনি বিশৃঙ্খলার ভেতরেই দেখেছেন ছন্দ, ধ্বংসের মধ্যেই সৃষ্টির সম্ভাবনা। তাঁর ক্যানভাস যেন বলেছে—সৌন্দর্য নয়, সত্যই শিল্পের শেষ আশ্রয়।
জীবনের নানা পর্বে পিকাসো নিজেকে নতুনভাবে গড়েছেন। তার Blue Period নীল বিষণ্নতার প্রতীক—এক অনাথ পৃথিবীর নিঃসঙ্গ আর্তনাদ। The Old Guitarist–এর ক্যানভাসে দেখা যায় কঙ্কালসার এক বৃদ্ধ, যার সুর যেন জীবনের শূন্যতার প্রতিধ্বনি। এরপর এলো Rose Period—এক কোমল রোমান্টিকতা, সার্কাসের হাসিমুখের আড়ালে মানবজীবনের করুণ সৌন্দর্য। তারপর কিউবিজম, যা তার শিল্প দর্শনের পরিণতি। প্রতিটি ধাপ যেন তাঁর আত্মার ডায়েরি—যেখানে প্রতিটি রেখা মানে অনুভব, প্রতিটি রঙ মানে দর্শন।
পিকাসোর জীবন যেমন বহুমাত্রিক, তেমনি ছিল তার প্রেম। নারীরা তার জীবনে এসেছেন অনুপ্রেরণা হয়ে, আবার কখনো ক্লান্তির কারণ হয়ে। কিন্তু প্রেম তার শিল্পকে মানবিক করে তুলেছে। তিনি একবার বলেছিলেন, ‘Every child is an artist; the problem is how to remain an artist once we grow up.’ পিকাসো আজীবন সেই শিশুটি হয়ে থেকেছেন—যে পৃথিবীকে প্রথমবারের মতো দেখতে চায়, যেভাবে কেউ আগে দেখেনি।
বয়সের ভার তাকে থামাতে পারেনি। মৃত্যুর আগের দিন পর্যন্ত তার হাতে ছিল তুলি, চোখে ছিল কৌতূহল। তার শেষদিকের কাজগুলোতে দেখা যায় শান্তি আর বিষাদের মিলন—যেন সৃষ্টির আনন্দের ভেতর মৃত্যুর নীরবতা। তিনি বুঝতেন, একজন শিল্পীর মৃত্যুর পরও তার রঙ বেঁচে থাকে মানুষের দৃষ্টিতে, তার রেখা বেঁচে থাকে ইতিহাসের ক্যানভাসে।
আধুনিকতার যাত্রায় পিকাসো এক অমোঘ প্রতীক। তিনি প্রমাণ করেছেন, শিল্প সমাজ থেকে আলাদা নয়; বরং সমাজের বিবেক, সময়ের প্রতিধ্বনি। তার সৃষ্টিতে যেমন আছে আত্মজিজ্ঞাসা, তেমনি আছে প্রতিবাদ। পিকাসোর ক্যানভাসে দেখা যায় ইতিহাসের ভাঙন, মানুষের নিঃসঙ্গতা, আর তার ভেতরেই এক আশ্চর্য প্রাণস্পন্দন।
তার প্রভাব সমগ্র আধুনিক শিল্পজগতকে ছুঁয়ে গিয়েছে। কিউবিজমের ধারণা—যে বাস্তবতা একক নয়, বহুস্তরীয়—তা পরবর্তীকালে সুররিয়ালিজম, বিমূর্ত এক্সপ্রেশনিজমসহ অসংখ্য ধারায় প্রতিফলিত হয়েছে। আফ্রিকান মুখোশ শিল্পের প্রতি তার আকর্ষণ বিশ্ব শিল্পে ‘প্রিমিটিভিজম’ নামে এক নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়, যা প্রান্তিক সংস্কৃতির সৌন্দর্যকে কেন্দ্রীয় আলোচনায় নিয়ে আসে। Les Demoiselles d’Avignon–এর মধ্য দিয়েই তিনি ঔপনিবেশিক দৃষ্টির একপ্রকার উলটপালট ঘটান—যা আজও উত্তর-ঔপনিবেশিক শিল্পভাবনার মূল উৎসগুলোর একটি।
Guernica আজও বিশ্বের বিবেকের আয়না। ভিয়েতনাম থেকে গাজা—যেখানেই মানবতার রক্ত ঝরে, সেই কালো-সাদা চিত্রটি আবার জেগে ওঠে, যেন সময়ের বাইরে থেকেও আমাদের মনে করিয়ে দেয় শিল্পের দায়িত্ব। পিকাসো আমাদের শিখিয়ে গিয়েছেন যে, শিল্প কেবল সাজানোর জন্য নয়, তা ন্যায়ের ভাষা, সত্যের প্রতিবাদ, সৌন্দর্যের বিপ্লব।
তার মৃত্যুর পরও পিকাসো রয়ে গিয়েছেন প্রতিটি সৃষ্টিশীল হৃদয়ের ভেতর। তিনি প্রমাণ করেছেন, রঙ কেবল দৃশ্য নয়, তা এক অস্তিত্ববোধ; তুলি কেবল উপকরণ নয়, তা এক দার্শনিক আত্মা। তিনি কেবল রঙের বিপ্লব ঘটাননি, দৃষ্টির বিপ্লব ঘটিয়েছেন। তার শিল্প আমাদের শেখায়—ধ্বংস মানেই শেষ নয়, বরং সৃষ্টির আরেক রূপ।
আমরা যখন তার ক্যানভাসের দিকে তাকাই, দেখি—রেখার ভেতর লুকিয়ে আছে মানুষের আত্মকথা, রঙের ভেতর জেগে আছে জীবনের অমোঘ সুর। তিনি আমাদের শেখান কীভাবে দেখতে হয়, কীভাবে ভাবতে হয় এবং সবচেয়ে বড় কথা—কীভাবে সৃষ্টি করতে হয় নিজের মতো করে।
যতদিন মানুষ ভাববে, ভালোবাসবে, স্বপ্ন দেখবে, ততদিন পাবলো পিকাসো বেঁচে থাকবেন—রঙের মতো, আলোর মতো, সময়ের মতো। তাঁর প্রতিটি সৃষ্টি প্রমাণ করে —মানুষ ধ্বংস হতে পারে, কিন্তু শিল্প কখনো নয়।
লেখক: ডেপুটি রেজিস্টার/ বরিশাল বিশ্ববিদ্যালয়/[email protected]
