মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র। অন্যদিকে চট্টগ্রাম সিটি ও নারায়ণগঞ্জ সিটি মেয়র পাচ্ছেন প্রতিমন্ত্রী পদমর্যাদা।
রোববার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস মন্ত্রীর এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রতিমন্ত্রীর পদমর্যাদা নির্ধারণের বিষয়ে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন।
আরও পড়ুন: বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন পাঁচ নারী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মুর্শেদের সই করা প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই চার মেয়রের নতুন পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশে পরবর্তী ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ও সচিবালয়কে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. আতিকুল ইসলাম ও দক্ষিণ সিটি করপোরেশনে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়রের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটিতে মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং চট্টগ্রাম সিটিতে মেয়রের দায়িত্বে রয়েছেন মো. রেজাউল করিম চৌধুরী।
একাত্তর/আরবিএস
