কারাগার থেকে মুক্ত রোজিনা ইসলাম

আপডেট : ২৪ মে ২০২১, ০১:৫৩ পিএম

অবশেষে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। রোববার বিকেল চারটার পর গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে থেকে মুক্তি পান তিনি। গত পাঁচদিন ধরে তিনি সেখানে বন্দী ছিলেন।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর রোজিনা সাংবাদিকদের বলেন, "সাংবাদিকতা চালিয়ে যাব। সাংবাদিকসহ যারা পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ।"

এর আগে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার রোজিনা ইসলামের জামিন আবেদন আদেশ দেয় আদালত। পাঁচ হাজার টাকা মুচলেকা ও পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান।

image


রোববার (২৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন। এরপর জামিন আদেশ কাশিমপুর কারাগারে পৌঁছালে বেলা চারটার দিকে তাকে কারাগার থেকে মুক্ত করে দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

এর আগে ২০ মে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ ভার্চুয়াল আদালতে দুই পক্ষের বক্তব্য শোনার পর আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে জানানো হয়, জামিন আদেশ দেওয়া হবে রোববার।

রোজিনা ইসলামের জামিন মঞ্জুরের পর রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বাকী বিল্লাহ রোববার বলেন, গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম অনুষঙ্গ। গণমাধ্যমের কারণে অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্বশীল আচরণ করে থাকে। কোর্ট ও গণমাধ্যম একে অপরের বাধা হিসেবে নয়, পরিপূরক হয়ে কাজ করে।

image


রোজিনার আইনজীবী এহসানুল হক সমাজি জামিন শুনানির পর সাংবাদিকদের বলেন, "আজ তারা বলেছেন (রাষ্ট্রপক্ষ) আমরা ডকুমেন্ট দিয়েছি কিন্তু কি ধরনের ডকুমেন্ট দিয়েছেন সে সম্পর্কে আমরা এখনো জ্ঞাত নই। আমাদের কাছে আজ প্রধান ছিলো রোজিনার জামিন। আমরা এই মামলার ন্যায়বিচারের স্বার্থে যা করণীয় তা করবো।"

তিনি আরও বলেন, "আজ কোনো ধরনের আইনি বাধা যদি না থাকে তাহলে আশা করি আজই তিনি বেরিয়ে আসবেন। আদালতের আদেশ কারাগারে যাওয়ার পর কিছু আনুষ্ঠানিকতা থাকে, সেসময় যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে তাহলে অবশ্যই তিনি (রোজিনা ইসলাম) দ্বিপ্রহরে বা সূর্যাস্তের পূর্বেই জামিনে বেরিয়ে আসবেন।"

রাষ্ট্রপক্ষের কৌসুলি আবদুল্লাহ আবু বলেন, রোজিনা ইসলামের মামলাটি স্পর্শকাতর হলেও আমরা তার জামিনের আবেদন বিবেচনা করার জন্য বলেছি। তবে আমরা বলেছি, পাসপোর্ট জমা রাখতে হবে। আসামী পক্ষ তাতে রাজি হয়েছে।

এর আগে ভার্চুয়াল শুনানি হওয়ায় বৃহস্পতিবার রোজিনাকে আদালতে আনা হয়নি। তাকে রাখা হয় গাজীপুরের কাশিমপুর কারাগারে।

আরও পড়ুন: জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সোমবার (১৭ মে) সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় ছয় ঘণ্টা আটকে রাখা হয়। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার কথা বলে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার বিরুদ্ধে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডবিধির কয়েকটি ধারায় মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব শিব্বির আহমেদ ওসমানী।

পরে মঙ্গলবার (১৮ মে) সকালে তাকে আদালতে নেওয়া হয়। সেদিন জামিন আবেদনের ওপর আংশিক শুনানি হয়েছিল। তবে আদালত রিমান্ডে না দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



সাংবাদিকদের প্রতিবাদের মুখে বুধবার সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য মন্ত্রী হাছান মাহমুদ এবং আইনমন্ত্রী আনিসুল হক রোজিনা ইসলাম ন্যায় বিচার পাবে বলে আশ্বাস দিয়েছিলেন।

তবে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও তথ্য মন্ত্রী হাছান মাহমুদ দু'জনই রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয় নথি চুরির যে অভিযোগ এনেছে সেটিই পুনরুল্লেখ করেছেন।

রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সাংবাদিকরা প্রতিবাদমুখর হয়ে ওঠেন। বুধবার ঢাকায় প্রেসক্লাবের সামনে, সেগুন বাগিচায় রিপোর্টার্স ইউনিটির সামনে ও কারওয়ান বাজারে সাংবাদিকদের নানা সংগঠন রোজিনা ইসলামের মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করে।

আরও পড়ুন: রোজিনাকে সচিবালয়ে নির্যাতনের ভিডিও প্রকাশিত

ঢাকার বাইরে সারাদেশে সাংবাদিকদের সংগঠনগুলোও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করেছে।

এদিকে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচসহ দেশী-বিদেশ নানা সংস্থা ও প্রতিষ্ঠান রোজিনা ইসলামকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে।


একাত্তর/আরএ

মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর