ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) লাল চিহ্নিত এলাকায় হকাররা ব্যবসা করতে পারবেন না, তবে হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে কোন বাধা নেই বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। খবর: বাসস।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র বলেন, 'আমরা পর্যায়ক্রমে লাল, হলুদ, সবুজ এলাকা চিহ্নিত করে দেবো। সবুজে আপনারা নির্দ্বিধায় ২৪ ঘণ্টা ব্যবসা করতে পারবেন। হলুদ চিহ্নিত স্থানে আপনারা নির্ধারিত সময়ে ব্যবসা করতে পারবেন। কিছু কিছু সময় খালি করে দিতে হবে। যেহেতু যানবাহন চলাচল করে তা মাথায় রেখে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটা নির্ধারিত সময়ের পরে খালি করে দিতে হবে'।
দুটো সড়ক ইতোমধ্যে লাল চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা মাত্র দুটো সড়ক ও সংলগ্ন এলাকা লাল চিহ্নিত করেছি। একটি হলো বঙ্গভবন থেকে জিরো পয়েন্ট ও মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসাদ পুলিশবক্স হয়ে জিরো পয়েন্ট। আরেকটি নগর ভবনের সামনের সড়ক ফিনিক্স সড়ক। এখানে আপনারা বসবেন না।'
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুতির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, 'মেয়র মহোদয়ের প্রতি আমার একটি অনুরোধ থাকবে। একটি আবেদন থাকবে। হকার ব্যবস্থাপনায় আইন প্রণয়ন করতে হয়তো সময় লাগবে। কিন্তু অন্ততপক্ষে, আপনার আমলে যদি একটি নীতিমালা করে দেন, তাহলে হকাররা মাস্তানের অত্যাচার, পুলিশের অত্যাচার হতে রক্ষা পাবে'।
বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভারতের ন্যাশনাল হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ বক্তব্য রাখেন।
একাত্তর/এসজে
