দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৯ জনের।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫০৩ জন রোগী।
আগেরদিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৩৬১ জন। ২৪ ঘণ্টার হিসেব করা হয়েছে বৃহস্পতিবার সকাল আটটা থেকে শুক্রবার সকাল আটটা পর্যন্ত।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৮৪৪ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৪৪৬ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৬৭৬ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ৮৭০ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন তিন হাজার ৮০৬ জন।
চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ২০৫ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ হাজার ৩০০ জন।
দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুন: ডেঙ্গু ঝুঁকিতে উত্তরার ১৫ নং সেক্টরের কয়েকটি এলাকা
আর ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।
একাত্তর/এসজে
