২০১৩ সালে রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতা মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আনোয়ার হোসেন খান রোববার (২৭ জুন) মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানির জন্য আজ সোমবার (২৮ জুন) দিন ধার্য করেন।
আরও পড়ুন: সাঈদ খোকনসহ পরিবারের ৮ ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
উল্লেখ্য, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ওই অবরোধ কর্মসূচির নামে লাঠিসোঁটা, ধারাল অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।
একাত্তর/এসি
