দেশের তরুণদের উদ্ভাবনী ও সামাজিক উদ্যোগগুলোকে টেকসই রূপ দিতে পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। ব্র্যাকের ইয়ুথ প্ল্যাটফর্ম চালু করেছে ‘আমরা নতুন তরুণ সামাজিক উদ্যোক্তা ফেলোশিপ প্রোগ্রাম’। এই প্রোগ্রামের আওতায় নির্বাচিত তিনটি স্টার্টআপকে প্রাথমিক পর্যায়ের আর্থিক সহায়তা বা সিড ফান্ডিং দেওয়া হয়েছে। প্রতিটি উদ্যোগ পেয়েছে ন্যূনতম তিন লাখ টাকা।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এই ফেলোশিপের ‘লেটার অব অ্যাগ্রিমেন্ট’ সই হয়। অনুষ্ঠানে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ তরুণ উদ্যোক্তাদের হাতে ফেলোশিপের স্বীকৃতি হিসেবে প্রতীকী চেক তুলে দেন।
চেক হস্তান্তর শেষে আসিফ সালেহ্ ফেলোশিপ জয়ীদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্মের সহযোগী পরিচালক শরিফুল হাসান।
এ বছর ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছে ‘আমরা নতুন ইয়ং চেঞ্জমেকার্স অ্যাওয়ার্ড ২০২৫’-এর বিজয়ী তিনটি দল। উদ্যোগগুলো হলো-
স্টোরিজ অব ইনক্লুশন: প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রসারে কাজ করছে এই প্রতিষ্ঠানটি। তারা শিশুদের জন্য বিশেষায়িত অডিওবুক তৈরি করছে।
জলশিখা: পরিবেশ রক্ষায় কাজ করা এই প্রকল্পটি নারিকেলের খোসা থেকে পরিবেশবান্ধব চারকোল উৎপাদন করছে।
গুড্ডু টয়েজ: শিশুদের সৃজনশীল বিকাশের লক্ষ্যে শিক্ষামূলক খেলনা তৈরি করছে এই স্টার্টআপটি।
ফেলোশিপ বিজয়ীদের পক্ষ থেকে মুসাররাত জাহান এশা, মারিয়া জাহান রিভা এবং হাসিবুল হাসান তাদের প্রকল্প ও স্বপ্নের কথা অনুষ্ঠানে তুলে ধরেন।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রোগ্রামটি তরুণ উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সিড ফান্ডিংয়ের পাশাপাশি নির্বাচিত উদ্যোক্তারা পাবেন ক্লাসরুমভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মেন্টরশিপ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ। প্রশিক্ষণের অংশ হিসেবে উদ্যোক্তাদের জন্য ইন্ডাস্ট্রি ভিজিটের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে তারা প্রতিষ্ঠিত উদ্যোক্তাদের সরাসরি অভিজ্ঞতা থেকে শিখতে পারেন।
ব্র্যাক ইয়ুথ প্ল্যাটফর্ম আশা প্রকাশ করেছে যে, এ ধরনের উদ্যোগ দেশের তরুণদের সামাজিক পরিবর্তনের নেতৃত্বে এগিয়ে আসতে উৎসাহিত করবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
