সংকুচিত হচ্ছে বিশ্ব শ্রমবাজার, দক্ষ জনশক্তি তৈরির তাগিদ বিশেষজ্ঞদের

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৭:৪৬ পিএম

বিশ্বব্যাপী অভিবাসন নীতির দ্রুত পরিবর্তন, কঠোর আইনি নিয়ন্ত্রণ ও সংকুচিত হতে থাকা নতুন শ্রমবাজারের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশে টেকসই জাতীয় কৌশল গ্রহণের তাগিদ দিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞ, নীতিপ্রণেতা ও উন্নয়ন কর্মীরা। তারা বলেছেন, কেবল প্রথাগত বাজারের ওপর নির্ভর না করে নতুন নতুন গন্তব্য অনুসন্ধান, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করা এবং বৈশ্বিক চাহিদার সঙ্গে সংগতি রেখে দেশের জনশক্তিকে দক্ষ করে তোলাই এখন মূল চ্যালেঞ্জ।

শনিবার (১ আগস্ট) রাজধানীর সিআরডাপ মিলনায়তনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘সেন্টার ফর মাইগ্রেশন, রিফিউজি অ্যান্ড ডিসপ্লেসমেন্ট’ আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। 

সেমিনারের মূল বিষয়বস্তু ছিল—‘ক্লোজিং ডোরস যুগে অভিবাসন: দক্ষতা, গন্তব্যের বৈচিত্র্যায়ন এবং বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থানের ভবিষ্যৎ’।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ‘পার্লামেন্টারিয়ানস ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর চেয়ারম্যান এবিএম মোশাররফ হোসেন বলেন, বৈশ্বিক অভিবাসন ব্যবস্থাপনায় প্রতিনিয়ত নতুন জটিলতা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক শ্রমবাজার যখন সংকুচিত হচ্ছে, তখন এই তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতার বিকল্প নেই।

অভিবাসন খাতের প্রাতিষ্ঠানিক ও গবেষণামূলক উন্নয়নে বাজেট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, এ খাতের প্রয়োজনীয় উদ্যোগ বাস্তবায়নে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করবেন এবং আগামী বাজেটে বিশেষ বরাদ্দের চেষ্টা চালাবেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম আহসান উল্লাহ। তিনি বলেন, অদক্ষ ও অর্ধ-দক্ষ শ্রমিক পাঠানোর প্রবণতা থেকে বের হয়ে দক্ষতাভিত্তিক শ্রমবাজারের দিকে মনোযোগ দিতে হবে। সময়োপযোগী আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী মানবসম্পদ গড়ে তোলাই হবে ভবিষ্যৎ অভিবাসন সফলতার প্রধান চাবিকাঠি।

ডিআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী তার বক্তব্যে প্রবাসীদের পুনর্বাসন ও টেকসই উন্নয়নে গবেষণানির্ভর সমন্বিত নীতিমালার জোর দাবি জানান। সেমিনারের সভাপতি ও সিএমআরডির পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল আলম অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে গবেষণানির্ভর উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

বিসিজিডির সিনিয়র ফেলো তাইফুর রহমানের সঞ্চালনায় মুক্ত আলোচনা পর্বে উপস্থিত প্রতিনিধিরা নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, নারী শ্রমিকদের সুরক্ষা প্রদান এবং অতিরিক্ত অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন।

সেমিনারে ডিআইইউর উপদেষ্টা প্রফেসর ড. গণেশ চন্দ্র সাহা, ওয়ার্বি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাইফুল হক, ওকুপ-এর চেয়ারম্যান শাকিলুল ইসলাম, বমসা-র নির্বাহী পরিচালক শেখ রুমানা, বাইরার সাবেক মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরীসহ দেশি-বিদেশি সংস্থার কর্মকর্তা, শিক্ষক, গবেষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডিআইইউর গবেষণা কেন্দ্রের অতিরিক্ত পরিচালক মিলি রহমান।

একাত্তর/এসি
অভিবাসী কর্মীদের জটিলতা নিরসন এবং তাদের আইনি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করতে তথ্যসমৃদ্ধ ও অনুসন্ধানী সাংবাদিকতার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, অভিবাসন খাতে প্রতারণা ও শোষণের চিত্র...
অভিবাসন, শরণার্থী ও বাস্তুচ্যুতি সংকটের টেকসই সমাধানে বস্তুনিষ্ঠ গবেষণা, জ্ঞানভিত্তিক নীতিনির্ধারণ ও নীতি-সংলাপ জোরদারের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ‘সেন্টার ফর মাইগ্রেশন, রিফিউজি...
যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবৈধভাবে অবস্থান করার প্রবণতা রোধে বাংলাদেশসহ অন্তত ৫০টি দেশের নাগরিকদের জন্য ‘ভিসা বন্ড’ কর্মসূচি স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। পূর্ববর্তী...
ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাসেবা গ্রহণে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকেট কাটার ভোগান্তির অবসান ঘটছে। প্রতিষ্ঠানটির বহির্বিভাগ (ওপিডি) সেবার জন্য...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২১ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৭৫১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৬৮৭টি শিশু। 
আকাশে মেঘ জমলেই পটুয়াখালীর গলাচিপার দক্ষিণ চরখালী গ্রামের জরাজীর্ণ একটি কুঁড়েঘরে নেমে আসে চরম আতঙ্ক। মাথার ওপর নেই কোনো টিন; জীর্ণ পাতার বেড়া আর রোদে-বৃষ্টিতে ঝুলে পড়া এক টুকরো পলিথিনই এখন পাঁচ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর